ফয়সালের ঘাতকদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ত্রাসী চক্র যেভাবে দুটি প্রকাশনী সংস্থার কার্যালয়ে ঢুকে চারজন প্রকাশক–লেখকের ওপর নৃশংস হামলা চালিয়ে একজনকে হত্যা এবং অপর তিনজনকে গুরুতর আহত করে নিরাপদে পালিয়ে গেছে, তা নজিরবিহীন। প্রকাশ্য দিবালোকে এই হামলা জনজীবনকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ঘাতকেরা যাকে নিশানা করে, তাকেই হত্যা করে নিরাপদে পালিয়ে যেতে পারে। তারা এই ঔদ্ধত্য ও দুঃসাহস কোথায় পেল? স্বভাবতই প্রশ্ন জাগে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? কী করছে সরকার?
গতকাল দুপুরে সন্ত্রাসীরা লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে তিনজনকে গুলি চালিয়ে ও চাপাতি দিয়ে হত্যার চেষ্টা করে। এর কিছুক্ষণ পরই খবর পাওয়া যায় শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে এর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে খুন করা হয়েছে। শুদ্ধস্বর ও জাগৃতি প্রকাশনী গত ফেব্রুয়ারিতে জঙ্গিদের হাতে নিহত বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক। অভিজিতের বই প্রকাশের কারণেই এই দুই প্রকাশক হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা যায়।
একের পর এক লেখক-ব্লগার খুন হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘাতকদের ধরতে না পারা দুর্ভাগ্যজনক। এমনকি বেগুনবাড়ীতে নিহত ব্লগার ওয়াশিকুর রহমানের দুই ঘাতককে প্রত্যক্ষদর্শীরা ধরিয়ে দিলেও এখন পর্যন্ত তাদের সহযোগীরা ধরা পড়েনি।
সাম্প্রতিক কালে দুই বিদেশি নাগরিক হত্যার পর পবিত্র আশুরার রাতে হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলায় দুজন মারা যান। কিন্তু এখন পর্যন্ত রহস্য উদ্ঘাটিত হয়নি। প্রতিটি সন্ত্রাসী ঘটনা ও হত্যার পর রাজনৈতিক বক্তৃতা-বিবৃতির ঝড় বইলেও তদন্তকাজে তেমন অগ্রগতি নেই। এতে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। যে হতাশার কথা শোনা গেল ফয়সালের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ‘আমি কোনো বিচার চাই না’ মন্তব্যে।
আমরা ফয়সাল হত্যার তীব্র নিন্দা জানাই। নিহতের পরিবার ও আহতদের প্রতি রইল সমবেদনা। অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হোক।