ফরহাদ মজহারকে উদ্ধার স্বস্তিদায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণ ও গুম বা অপহরণের পর ফিরে না আসা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে। ফলে এ ধরনের কোনো অপহরণের ঘটনা ঘটলেই এর পরিণতি নিয়ে ভীতিকর আশঙ্কা তৈরি হয়। ফরহাদ মজহারের ক্ষেত্রেও তা হয়েছিল। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ বছরের জুন পর্যন্ত এ ধরনের রহস্যজনক অপহরণের শিকার ২৮৪ জনের মধ্যে ১৭৭ জনের পরিণতি কী হয়েছে, তা জানা যায়নি। বাকিদের কেউ পরে গ্রেপ্তার, অনেকের মৃতদেহ উদ্ধার ও কেউ কেউ ফিরে এসেছেন। গত তিন বছরে বিভিন্ন মেয়াদে অপহরণকারীদের হাতে আটক থাকার পর ২৭ জন ফিরে এসেছেন। এসব অপহরণের রহস্যভেদে ফিরে আসা লোকজন গুরুত্বপূর্ণ সূত্র হতে পারেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তাঁদের কাছ থেকে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। তাঁরা হয় সন্ত্রস্ত, নয়তো শারীরিক–মানসিক অসুস্থতার কারণে নির্বাক।

এ ধরনের অপহরণের যাঁরা শিকার হন, তাঁদের পরিবারের তরফে প্রায় সব ক্ষেত্রেই অভিযোগ করা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু অভিযোগ অস্বীকার করেই তাদের দায়িত্ব সারছে। কিন্তু এসব ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকলে কারা এসব করছে, তা খুঁজে বের করার যে দায়িত্বটি তাদের রয়েছে, সেটা দুর্ভাগ্যজনকভাবে তারা পালন করছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সরকারের উদ্যোগের ফলে ফরহাদ মজহার উদ্ধার পেয়েছেন—এটা যেমন ঠিক, তেমনি অপহরণকারীদের ধরার ক্ষেত্রে ব্যর্থতার দিকটিও পরিষ্কার। মুঠোফোনের সূত্রে যখন ফরহাদ মজহারের অবস্থান জানা যাচ্ছিল, তখন কেন সড়ক অবরোধ ও তল্লাশি চালিয়ে তাঁকে বহনকারী মাইক্রোবাসটিকে আটক করার উদ্যোগ নেওয়া হলো না, তা সত্যিই বিস্ময়কর। এই অপহরণের ঘটনাটি যে কোনো সাধারণ অপহরণ নয়, তা পরিষ্কার। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন, কেউ যদি তাঁকে সীমান্ত পার করে নিয়ে যেত, তবে তা হতো ভয়াবহ। এ রকম কিছু হলে তা সরকারের জন্য চরম বিব্রতকর হতো, তাতে সন্দেহ নেই। সরকার উদ্যোগী হয়ে ফরহাদ মজহারকে উদ্ধার করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে অপহরণকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা। এ ব্যাপারে আমাদের সংশয় দূর করতে সরকার কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।