ফরিদপুর পৌরসভার এ কী কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় মাস ধরে পৌরসভার গাড়িতে করে ময়লা এনে প্রতিদিন এই ভাগাড়ে ফেলা হয়। আর এসব ময়লা পাশের জমিতে ছড়িয়ে পড়ছে। এতে করে ওই জমিতে রোপা আমন ধান রোপণ করা যাচ্ছে না। এ ছাড়া পরিবেশও দূষিত হচ্ছে। রাস্তার অর্ধেক অংশে ময়লা ফেলায় ওই এলাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।

কোন বিবেচনাবোধ থেকে ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষ এমন একটি কাজ করে যাচ্ছে, তা আমাদের কাছে বোধগম্য নয়। যেকোনো পৌরসভার অন্যতম কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা করা। আর ফরিদপুর পৌরসভা হলো সেই অব্যবস্থাপনার চরম দৃষ্টান্ত। কোনো মহাসড়ক কি আবর্জনার ভাগাড় হতে পারে?

সাধারণত জনবসতি নেই এমন স্থানকে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করা হয়। যেখানে-সেখানে যদি ময়লার ভাগাড় গড়ে তোলা হয়, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করে। ধানি জমির আশপাশও ময়লার ভাগাড় হিসেবে গড়ে তোলা উচিত নয়। প্রথম আলোর খবর অনুযায়ী, ফরিদপুর পৌরসভা মহাসড়কে যেসব ময়লা ফেলছে তার মধ্যে রয়েছে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য। এসব বর্জ্য পরিবেশদূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলীর বক্তব্য হচ্ছে শহরতলির আদমপুরে ভাগাড়ের জন্য জায়গা কেনা হয়েছে। সেখানে ভাগাড় নির্মাণকাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে। কিন্তু নির্মাণকাজ কবে শুরু হবে? শুরু না হলে শেষ হওয়ার প্রশ্নই আসে না।

তবে শুধু ফরিদপুর পৌরসভা নয়, দেশের বিভিন্ন স্থানে আরও অনেক পৌরসভার বিরুদ্ধে বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। আমরা ফরিদপুর পৌরসভা কর্তৃপক্ষসহ সব পৌরসভার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছি। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কার্যকর উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।