ফরিদপুরে শহীদ মাতুব্বর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যে খুনের ঘটনা ঘটেছে, সেটি বিরল বা ব্যতিক্রম নয়। ক্ষমতার রাজনীতির চরিত্র হলো, যেকোনো মূল্যে নিজের আধিপত্য বজায় রাখা এবং প্রতিপক্ষকে ঘায়েল করা। প্রয়োজনে খুনোখুনি করতেও তাদের বাধে না। বর্তমানে দেশে ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ করার মতো কোনো বিরোধী দল নেই। এ অবস্থায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মধ্যকার গোষ্ঠীদ্বন্দ্ব যেমন মাথাচাড়া দিয়ে উঠেছে, তেমনি সংঘাতের ঘটনাও বেড়েছে।

কিন্তু গত ২১ এপ্রিল ভাঙ্গার লক্ষ্মীপুর গ্রামের শহীদ মাতুব্বর হত্যার ঘটনাটি ব্যতিক্রম এ কারণে যে এর প্রধান অভিযুক্ত আসলাম ফকির আগের একটি খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর অনুসারী হিসেবে পরিচিত। আর নিহত শহীদ মাতুব্বর স্থানীয় সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর অনুসারী।

শহীদ মাতুব্বর হত্যার অন্য আসামিরা ধরা পড়লেও আসলাম ফকির আছেন ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে আটক সাত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, আসলাম ফকিরের নেতৃত্বেই খুনের ঘটনা ঘটেছে। থানা-পুলিশ বলছে, তাঁরা আসামি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তাঁদের ধারণা, আসলাম ফকির ফরিদপুরের বাইরে কোথাও আছেন।

উল্লেখ্য, ২০০৩ সালে সংঘটিত একটি খুনের দায়ে আসলাম ফকিরের মৃত্যুদণ্ড হয়। ২০১৩ সালে তিনি অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। প্রথমবার তাঁর আবেদন অগ্রাহ্য হলে তিনি কারাগারেই পাগলের ভান করেন। এরপর রাষ্ট্রপতি তাঁর দণ্ড কমিয়ে ১৪ বছরের কারাদণ্ড দেন। পরে সাধারণ ক্ষমার সুযোগে তিনি ২০১৭ সালে মুক্তি পান। তাঁর সাধারণ ক্ষমার আবেদনে সুপারিশ করেছিলেন স্থানীয় নারী সাংসদ নীলুফার জাফরউল্যাহ। এর আড়াই বছরের মাথায় দ্বিতীয় খুনের ঘটনায় তিনি অভিযুক্ত হলেন।

আসলাম ফকিরের মতো খুনের আসামিকে এভাবে কারাগার থেকে বের করে আনা আইনের শাসনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। আদালত তাঁকে উপযুক্ত শাস্তিই দিয়েছিলেন। সে ক্ষেত্রে যাঁরা তাঁকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কিংবা তাঁর দণ্ড মওকুফ এবং সাধারণ ক্ষমার পক্ষে ওকালতি করেছেন, তঁারা কোনোভাবেই দ্বিতীয় খুনের দায় এড়াতে পারেন না।

 আসলাম ফকির ফরিদপুরের ভেতরে থাকুন আর বাইরে থাকুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্য হলো, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। যদি রাষ্ট্র আইনের শাসনে বিশ্বাসী হয়, তাহলে এর বিকল্প নেই।