ফরিদপুরে শাহাদাতের গুলিবিদ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাদাতের এক বোন বলেছেন, তিনি একজন পেশাদার গাড়িচালক, ঢাকায় মিনিবাস চালাতেন। তিনি অধিকাংশ সময় ঢাকায় থাকতেন, গ্রামের বাড়ি যেতেন মাঝেমধ্যে। এবার তিনি বাড়ি গিয়েছিলেন গত মঙ্গলবার। বুধবার সন্ধ্যায় পুলিশ তঁাকে তাঁর এক ভাগনেসহ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে অন্য এক গ্রামে একটি ইটভাটার পাশে স্থানীয় লোকজন শাহাদাতের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে বাড়ি থেকে বা রাস্তা থেকে ধরে নিয়ে গেলেন, তারপর অন্য কোনো জায়গায় পড়ে থাকতে দেখা গেল সেই ব্যক্তির লাশ—এমন ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিজেদের দায় অস্বীকার করতে বলে চলেছে সেই একই কাহিনি। জনগণ যে তাদের গল্প আর বিশ্বাস করে না, সেটাও তারা জানে। তাই তারা সর্বাত্মক চেষ্টা করে নিহত ব্যক্তিকে জঙ্গি, ডাকাত দলের সদস্য, দুর্ধর্ষ সন্ত্রাসী ইত্যাদি বলে প্রমাণ করতে, যেন বা সেটা প্রমাণিত হলেই এই হত্যাকাণ্ড জায়েজ হয়ে যাবে।

নিহত শাহাদাতের স্বভাবচরিত্র সম্পর্কে স্থানীয় লোকজনের ধারণা ভালো। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় কোনো মামলা বা জিডিও কখনো হয়নি। তা সত্ত্বেও যদি পুলিশ প্রমাণ করতে পারে যে তিনি ডাকাত ছিলেন এবং গ্রেপ্তারের আগের রাতে এক ডাকাতিতে অংশ নিয়েছিলেন, তাহলে তাঁর প্রাপ্য ছিল আইনানুগ বিচার, বিনা বিচারে মৃত্যু নয়। এভাবে বিচারবহির্ভূত হত্যার চর্চা আর কত দিন চলবে?