ফরিদপুরে 'লালমি' চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেকজন নিবিষ্ট চাষি যে একেকজন ডিগ্রিহীন মহান কৃষি বিশেষজ্ঞ—এ কথা তর্কাতীত, সর্বাংশে স্বীকার্য। দীর্ঘদিন নিজের হাতে ফসল পরিচর্যার সুবাদে কৃষকেরা যে স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতা অর্জন করেন, তা কেবল পুঁথিগত বিদ্যায় অধিগত হয় না। ব্যবহারিক অভিজ্ঞতার আলোকে বীজের অঙ্কুরোদ্‌গম, চারার বিকাশ, ফসলের বেড়ে ওঠা, গতি–প্রকৃতি, রোগবালাই ইত্যাদি সম্পর্কে চাষিদের মধ্যে সম্যক ধারণা তৈরি হয়।

সেই ব্যবহারিক অভিজ্ঞতা দিয়েই ফরিদপুরের কৃষকেরা ‘উদ্ভাবন’ করেছেন বাঙ্গিসদৃশ ফল ‘লালমি’। এটি দেখতে বাঙ্গির মতো, তবে বাঙ্গির মতো এর গায়ে শিররেখা নেই। গায়ের রং এবং গন্ধও আলাদা। স্বাদেও পার্থক্য আছে। বাঙ্গি রবি মৌসুমের ফল, পাকতে শুরু করে চৈত্র মাসে। আর লালমির বৈশিষ্ট্য হচ্ছে, শীতের দুই মাস বাদে বছরের যেকোনো সময় এটি চাষ করা যায়। রোপণের ৬০ দিনের মধ্যে লালমি পেকে যায়। তাই কৃষকেরা এমন সময় এর বীজ বপন করেন, যাতে রমজান মাসে ফলগুলো বাজারে তোলা যায়। ফরিদপুরে উৎপাদিত ১৮টি ফলের মধ্যে আর্থিক বিবেচনায় বাঙ্গি ও লালমির অবস্থান ৫ নম্বরে। এ কারণে এই ফল চাষে মানুষের আগ্রহ বেশি থাকাই স্বাভাবিক।

ফরিদপুরের কৃষকেরা বলছেন, ১৫ বছর আগে সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী এলাকায় আলিম খাঁ নামের এক কৃষক প্রথম লালমি চাষ করেন। আলিম খাঁ পরীক্ষাগারে গবেষণা ও সংকরায়ণ করে লালমি উদ্ভাবন করেছিলেন—বিষয়টি মোটেও সে রকম নয়। তবে কৃষকদের ভাষ্য, আলিম খাঁ হয়তো প্রাকৃতিকভাবে সংকরায়িত এই ফলটির ধরন প্রথম লক্ষ করেন এবং এর চাষ করেন। তাঁর সাফল্য দেখে অন্য কৃষকেরাও লালমি চাষে উৎসাহিত হন। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা উচিত। কৃষকদের বক্তব্যে সত্যতা মিললে আলিম খাঁকে অবশ্যই পুরস্কৃত করা উচিত।

সম্পূর্ণ নতুন ধরনের একটি ফলকে আলাদা করে চেনা এবং সেটিকে স্থায়ীভাবে অন্যান্য ফলের তালিকায় যুক্ত করার কাজটিকে হালকাভাবে
নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণা করে এই ফসলের চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার। অবশ্য আনন্দের কথা হলো, কৃষি বিভাগ এ ফলের অধিক মূল্যায়ন ও উন্নয়নের জন্য গবেষণা শুরু করেছে।

কৃষি বিভাগ যদি নিয়মিতভাবে কৃষকদের সৃজনশীলতার দিকে মনোযোগ দেয় এবং তাঁদের প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে গড়ে তুলতে পারে, তাহলে বাংলাদেশে লালমির মতো নতুন নতুন প্রজাতির ফলের আবাদ বেড়ে যাবে। খাদ্যসংকট নিরসনে তা অনেক বড় ভূমিকা রাখবে।