ফরিদপুরের ত্রুটিপূর্ণ ১০ তলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পেশাদার প্রকৌশলীর পক্ষে জ্ঞাতসারে নির্মাতাদের এত বড় সর্বনাশ সাধনের পরামর্শ দেওয়া সম্ভব বলে ভাবা যায় না। যাঁরা ১০ তলা ভবন নির্মাণের মতো ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হতে পারেন; তাঁদের পক্ষে অপেক্ষাকৃত কম ব্যয়সাপেক্ষ সেপটিক ট্যাংক নির্মাণের মতো ব্যবস্থা পাশ কাটানোর কথা নয়। এখন দেখা যাচ্ছে, ত্রুটি চিহ্নিত হওয়ার পরও তা বিজ্ঞানসম্মত উপায়ে সমাধানের চেষ্টা করা হয়নি, বরং অধিকতর অনিয়মের আশ্রয় নিয়ে দৃশ্যত এক অভিনব পন্থা অবলম্বনের চেষ্টা চলেছে। একটি অনিয়ম ঢাকতে নতুন অনিয়ম ঘটেছে কি না, সেটাও একটা প্রশ্ন। কারণ, ভবনটির নিচতলায় কথিতমতে ছোট একটি সেপটিক ট্যাংক তৈরি এবং পৌরসভার জায়গা ইজারা নিয়ে (সেপটিক ট্যাংক থেকে অনধিক তিন ফুট উচ্চতায়) তৈরি করা সোকওয়েল তেমন কাজে আসার সুযোগ নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আমরা মনে করি, প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে গিয়ে বিনিয়োগকারীদের বৈধ স্বার্থকে সুরক্ষা দিতে হবে। গত কয়েক বছরে ফরিদপুর বহুতল ভবনের শহরে পরিণত হয়েছে। কিন্তু দালান পরিদর্শকদের নজরদারি বেড়েছে, তা বলা যাবে না।

অনেক সময় ত্রুটিপূর্ণ ভবনও উপযুক্ত সংস্কারের মাধ্যমে নিরাপদ করা সম্ভব। আলোচ্য ভবনটির কারিগরি ও প্রকৌশলগত বিভিন্ন দিক দ্রুত খতিয়ে দেখা অপরিহার্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা জেনেশুনেই বিল্ডিং কোড লঙ্ঘন করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই হবে। তবে প্রতিবাদ করার কারণে একজনকে গ্রেপ্তার করানো এবং তাঁকে ৫০ টাকার স্ট্যাম্পে সই দিতে বাধ্য করার মতো ঘটনাগুলো নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।