ফরীদির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ুন ফরীদির (২৯ মে ১৯৫২-১৩ ফেব্রুয়ারি ২০১২) সঙ্গে আমার পরিচয় ১৯৭৫-এর শেষে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে, হাঁটতে হাঁটতে মুখোমুখি হওয়ার পর। তখন অর্থনীতি বিভাগ যে ভবনে, তার থেকে বের হলেই পর পর কয়েকটি লেক। আমি তখন অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার প্রক্রিয়া শেষ করছি, ফরীদি তত দিনে ভর্তি হয়ে গেছে। কয়েক বছর বিরতি দিয়ে পড়াশোনার জগতে ওর ফিরে আসা, এখানে। আর নানা কারণে সম্পূর্ণ অজানা, ঢাকা শহর থেকে দূরের এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার যোগ তৈরি হলো। পরিচয়ের শুরুতেই বুঝলাম, এই বিরান অচেনা প্রান্তরে বন্ধু পেয়ে গেছি। কথাবার্তা চলাফেরায় প্রচলিত নিয়মনীতির বাইরে স্পষ্টভাষী ফরীদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হতে আমার দেরি হয়নি। বিশ্ববিদ্যালয়-জীবনে আমার সব কাজ আনন্দ-আড্ডা ভাবনার কথা লিখতে গেলে তাই ফরীদির কথা আসবেই। বিশ্ববিদ্যালয়ে আমাদের আড্ডা, আলোচনা, বিতর্ক আর কাজের মধ্যে কোনো ভাগ ছিল না। তখন ক্যাম্পাসে এত সবকিছু ছিল না। জুলফুর ক্যানটিন, আলবেরুনী হল ক্যানটিন, ডেইরি ফার্ম গেটে আলী ভাইয়ের দোকান, হল বা বিভাগের খোলা জায়গা—এগুলোই ছিল আমাদের প্রধান কর্ম-আড্ডা-সৃজনশীলতার সমাবেশস্থল। আমি প্রথমে ছিলাম মীর মশাররফ হোসেন হলে। ফরীদি থাকত আলবেরুনী এক্সটেনশনে। ওর উদ্যোগেই আমি ও মনজু চলে এলাম এই হলে। এই হল ছিল এক তলা, খুবই খোলামেলা। ভেতরে ঝাউগাছ, সামনেই লেক। হলের বারান্দা আর লেকের পাড়ও ছিল আমাদের বসার জায়গা। এই হলের নাম এ রকম, কী করে হয়? আমরা সবাই মিলে ঠিক করলাম হলের নতুন একটা পরিচয় দেওয়ার। আমরা নাম ঠিক করলাম ‘শিল্পাচার্য জয়নুল আবেদীন ছাত্রাবাস’। হাতে লিখে সাইনবোর্ড লাগানো হলো। ঢাকা থেকে এই ঠিকানায় চিঠি পাঠিয়ে নাম চালু করতে চেষ্টা করলাম। প্রথম দিকেই ফরীদির অভিনয়-প্রতিভার কথা শুনেছি। কিন্তু প্রত্যক্ষ করার সুযোগ তখনো হয়নি। ওর সঙ্গে কথাবার্তার একটা বড় অংশজুড়ে থাকত নাটক নিয়ে কথা, বাংলার পালা যাত্রার ঐতিহ্য, সেগুলো নিয়ে লেখালেখির কথা, চলচ্চিত্রের কথা, কবিতা গল্প বা উপন্যাস; রাজনীতি, অর্থনীতি নিয়েও কম নয়। পরীক্ষার সময় ক্লাসের অর্থশাস্ত্র নিয়ে মনোযোগ বাড়ে, একসঙ্গেই পরীক্ষার প্রস্তুতি নিই। যত কম সময়ে নেওয়া সম্ভব। পরীক্ষার সময়ও দলেবলে আড্ডা আমাদের অন্যতম আকর্ষণ। ওর কণ্ঠে আবৃত্তি শুনি, যাত্রার কিংবা নাটকের কিংবা চলচ্চিত্রের সংলাপ শুনি। গানও। রাতে-দিনে, লেকের পাড়ে, বসে, কিংবা হাঁটতে হাঁটতে। ওর জীবনকাহিনি বৈচিত্র্যময়; নাটকীয় এবং নাটককেন্দ্রিক। বিভিন্ন মানবচরিত্র তাকে ভাবায়, সৃজনশীলতা তাকে আকর্ষণ করে। এর পথে নানা বাধা ওকে রাজনীতি, অর্থনীতি চিন্তায় টানে। আমরা একসঙ্গে আরও বন্ধুকে নিয়ে বিভাগে শিক্ষকদের কাছে দাবি-দাওয়া জানাই, ইকোনমিক স্টাডি গ্রুপ করি। সাইক্লোস্টাইল করে শিরোনাম পত্রিকা বের করি। গ্রন্থাগার প্রতিষ্ঠা করি। নিয়মিত পাঠচক্র, সেমিনার করি। একপর্যায়ে লেখকশিবির গণনাট্যদলও করি। হেমাঙ্গ বিশ্বাসকে নিয়ে বড় অনুষ্ঠান হয়। এসব তৎপরতার মধ্যে ফরীদি একদিন বলে, ‘আমি সমাজতন্ত্র চাই, কেন জানো? চাই এ কারণে যে সমাজতন্ত্র হলে আমি শুধু নাটক করেই জীবন পার করতে পারব। অর্থের জন্য, জীবিকার জন্য আমার কোনো চিন্তা করতে হবে না।’ নাটক, নাটককেন্দ্রিক শিল্পচর্চা ছাড়া জীবনে আর কোনো কিছু যে ওর চিন্তায় ছিল না, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতাম। এই আবেগ ও অঙ্গীকারের প্রতি আমার শ্রদ্ধাই ছিল আমাদের বন্ধুত্বের ভিত্তি। নাটক শিল্প নিয়ে ওর পড়াশোনা, চিন্তা, আগ্রহ ওকে প্রায় ধ্যানগ্রস্ত করে রাখত, কখনো কখনো অস্থির। সে সময় আমাদের অগ্রজ বন্ধুর মতো ছিলেন সেলিম আল দীন, মোহাম্মদ রফিক। আমাদের আড্ডায় প্রায় নিয়মিত উপস্থিতি ছিল তাঁদের। সেলিম ভাই তত দিনে নাটক রচনায় নতুন ধারা তৈরি করেছেন, রফিক ভাই কবিতায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রমে নাটকের জায়গা পোক্ত হতে থাকল। সেলিম ভাই আর ফরীদির উদ্যোগেই আয়োজন শুরু হলো প্রথমবারের মতো সপ্তাহব্যাপী আন্তহল নাট্য প্রতিযোগিতার। কী উৎসব, আনন্দ আর অস্থিরতায় নাটক রচনা, নাটক পরিচালনা আর অভিনয় নিয়ে চঞ্চল হয়ে উঠল পুরো ক্যাম্পাস। সেই অস্থিরতা আর উন্মাদনার স্মৃতি এখনো আনন্দ দেয়। সপ্তাহজুড়ে দেখলাম নতুন নাট্যকার, নতুন অভিনয়শিল্পী, নতুন পরিচালক নিয়ে অনেক নাটক ঠিক ঠিকই মঞ্চস্থ হলো। সবার পেছনে ফরীদি ছিল, আর ফরীদির নিজের রচিত নাটকও মঞ্চস্থ হলো—যত দূর মনে পড়ে নাম ছিল আত্মস্থ আগুন এবং হিরণ্ময়ীদের বৃত্তান্ত। এই নাট্য সপ্তাহে সেলিম ভাইয়ের মাধ্যমে ঢাকা থিয়েটারও নানাভাবে সম্পর্কিত হয়েছিল।আর সেই সূত্রেই ফরীদির জন্য যা অনিবার্য ছিল সেই গন্তব্যে যাত্রা। ফরীদি যোগ দিল ঢাকা থিয়েটারে। অল্প দিনের মধ্যেই যেন যা হওয়ার কথা ছিল তাই হলো। সবার দৃষ্টি আকর্ষণ করল ফরীদি। মঞ্চনাটক দর্শক, টিভি দর্শক, পরিচালক, নাট্যকার সবারই ও প্রিয় পাত্র হয়ে উঠল। বিস্ময়ের সঙ্গে সবাই এক অসাধারণ মেধা প্রত্যক্ষ করল। অভূতপূর্ব জনপ্রিয়তায় সিক্ত হলো ফরীদি। নায়ক নয়, ছোট-বড় যেকোনো চরিত্রে ফরীদি অভিনয় করত, আর সেই চরিত্রই হয়ে উঠত নাটকের প্রধান আকর্ষণ। নায়ককেন্দ্রিক নাটকের দাপট শেষ হলো। নায়কের পরিবর্তে এল অভিনয়শিল্পীর কাল। নাটকের প্রতি ফরীদির যে নিষ্ঠা, একাগ্রতা ও ভালোবাসা, তা আর কোনো কিছু বা কারও প্রতি দেখিনি। বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হতে ফরীদি অসম্ভব জনপ্রিয় জননন্দিত ও গুরুত্বপূর্ণ নাট্য ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। আমার বিবেচনায় ওর যে মেধা ও ক্ষমতা, পরিশ্রম ও একাগ্রতা ছিল, তাতে নিজেকে ও বাংলাদেশের অভিনয় জগৎকে আরও অনেক দূর নিয়ে যেতে পারত। চলচ্চিত্রেও ফরীদি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু আমার বারবার মনে হয়, চলচ্চিত্রে যাওয়া কি ফরীদির ভুল সিদ্ধান্ত ছিল? জীবিকার জন্যই কি ছিল এই চলচ্চিত্রনির্ভরতা? ফরীদি কি এখানেই হোঁচট খেল? জানি না। কিন্তু এতটুকু জানি, যে প্রত্যাশা ফরীদিকে ঘিরে মানুষের তৈরি হয়েছিল, তার বেশির ভাগ যেন অপূর্ণই থেকে গেল। কিন্তু যতটুকু মানুষ পেল, তাতেই ও হয়ে থাকল অক্ষয়। আনু মুহাম্মদ: অর্থনীতিবিদ ও অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।