আমি যখন ২০০৫ সালে অনার্স কোর্সে ভর্তি হই। তখন ভেবেছিলাম, ২০১৩ সালে শিক্ষাজীবন শেষ করে ভালো একটি চাকরি করতে পারব। কিন্তু আমার সে আশায় আজ কালো মেঘের ঘনঘটা। কারণ, ২০০৫-০৬ শিক্ষাবর্ষের অনার্স কোর্সের ফল যে এখনো হয়নি। যেসব কারণ জানা যাচ্ছে তা হলো, শত শত কর্মকর্তা-কর্মচারীর চাকরি চলে যাওয়ায় জনবলের সংকট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা আগেই কেন এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করেননি। তবে কি আপনাদের খেয়ালিপনার নির্মম স্বীকার আমাদের মতো অসহায় শিক্ষার্থীরা? আরও একটি বিষয় বলা প্রয়োজন, আমাদের সঙ্গে এমন অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকার জোরে ভর্তি হয়েছেন। এমনকি তাঁরাও দুই বছর আগে এমবিএ সম্পন্ন করে আজ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত একটি প্রাইভেট প্রতিষ্ঠানেও আবেদন করার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো শুধু চিন্তা করে তরুণ ছাত্রদের রাজনীতির মাঠে নামিয়ে দিয়ে কীভাবে নিজেদের ফায়দা লুফে নেওয়া যায়। কিন্তু তারা কী এই চিন্তাটা কখনো করে না, এই তরুণ সমাজকে যদি দেশের উন্নয়নে কর্মক্ষেত্রে কাজে লাগানো যায় তবে দেশটি কত সামনে এগিয়ে যাবে? আর এটাই পার্থক্য অন্য দেশের সঙ্গে আমাদের দেশের। মাননীয় শিক্ষামন্ত্রীর বেশ কিছু প্রচেষ্টাই এর মধ্যে সফল হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। তাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ দয়া করে অনার্স সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করে লাখ লাখ শিক্ষার্থীকে এ দুর্বিষহ জীবন থেকে মুক্ত হতে সাহায্য করুন। লিয়াকত হোসেন, ঢাকা।