তিন বছর আগে পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে আগুন দিয়ে একই পরিবারের নয়জনকে হত্যার ঘটনাটি আলোড়ন সৃষ্টি করলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় যাঁরা নিয়োজিত, তাঁদের চৈতন্যোদয় ঘটাতে পারেনি। অপরাধীদের পাকড়াও করা দূরের কথা, তাঁরা শনাক্ত করতেও ব্যর্থ হয়েছেন।
২০১৪ সালের ১৪ জুন রাতে বিহারি ক্যাম্পের বাসিন্দা ইয়াসিনের তালাবদ্ধ ঘরে আগুন দিয়ে নয়জনকে হত্যা করা হয়। ইয়াসিন বাইরে থাকার কারণে বেঁচে যান। কিন্তু দুই দিন পর মিরপুরেই এক রহস্যজনক বাস দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। যদিও ক্যাম্পের বাসিন্দাদের দাবি, সেটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
বিহারি ক্যাম্পের বাসিন্দারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে হত্যার বিচার চেয়েছেন। রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করেছেন। কিন্তু তদন্ত এগোয়নি, অপরাধীরাও থেকে গেছে ধরাছোঁয়ার বাইরেই। পুলিশ বলছে, বাইরের লোকেরা এসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে তাদের শনাক্ত করতে সময় লাগছে। পুলিশের এই যুক্তি অসার ও অগ্রহণযোগ্য। একটি ঘটনা তদন্তে কত সময় লাগে? দুর্বৃত্তরা নিশ্চয়ই মঙ্গল গ্রহ থেকে আসেনি!
বিহারি ক্যাম্পের ঘটনায় পুলিশ শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করে আসছে। যারা আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, পুলিশ তাদের ধরার চেষ্টা না করে ক্যাম্পের ৩ হাজার ৭১৪ জন বাসিন্দাকে আসামি করে মামলা করেছে। ফলে ক্যাম্পের বাসিন্দারা এখনো ভয়ভীতিতে আছেন। স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ ক্যাম্পবাসীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি।
সেদিন দুর্বৃত্তদের আগুনে অগ্নিদগ্ধ হলেও ইয়াসিনের মেয়ে ফারজানা বেঁচে যায়। সে বর্তমানে মোহাম্মদপুরে নরসুন্দর পেশায় নিয়োজিত গরিব খালুর আশ্রয়ে থাকলেও তার ভবিষ্যৎ অনিশ্চিত। প্রেসিডেনশিয়াল উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, সেটি চিন্তার বিষয়। মা, বাবা, ভাইবোনসহ নয়জন স্বজন হারানো ফারজানার আকুল আবেদন, ‘পরিবারের কাউকে আর ফিরে পাব না। তাদের হত্যাকারীদের বিচার হলে কিছুটা স্বস্তি পেতাম।’
আইনের রক্ষকেরা কি ফারজানার আকুতি শুনতে পাচ্ছেন?