দেশের উত্তরাঞ্চলের প্রাচীন জনপদ নীলফামারী জেলা বর্তমানে উন্নয়নবঞ্চিত অঞ্চল হিসেবে পরিচিত। জেলার ছয়টি উপজেলার মধ্যে জলঢাকা গুরুত্বপূর্ণ। কারণ, ব্রিটিশ আমলে ১৭৯৩ খ্রি. রংপুর জেলাকে ২২টি থানায় বিভক্ত করা হলে, নীলফামারী মহকুমায় প্রথম যে চারটি থানার সৃষ্টি হয়, সেগুলোর মধ্যে বারোয়ানী থানার আদি রূপ থেকে বর্তমান জলঢাকা থানা/উপজেলার উৎপত্তি হয়েছে। বর্তমানে এ উপজেলার আয়তন ৩০৩.৫২ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৩,৪০,৬৭২ জন। জলঢাকা উপজেলায় রয়েছে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা, ৬৯টি গ্রাম, ২০৩টি প্রাথমিক বিদ্যালয়, ১৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়, চারটি স্কুল অ্যান্ড কলেজ, ১১টি মহাবিদ্যালয় ও ২৮টি মাদ্রাসা। উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলার সঙ্গে এর যোগাযোগ গুরুত্বপূর্ণ। অন্যদিকে জলঢাকা উপজেলার ওপর দিয়ে বুড়িমারী স্থলবন্দরের হাজার হাজার পণ্যবাহী ট্রাকের সহজ ও কম দূরত্বের যাতায়াত ব্যবস্থা এ উপজেলার বাণিজ্যিক গুরুত্ব বাড়িয়েছে। দেশের বৃহৎ বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সঙ্গে রংপুর বিভাগের আটটি জেলার ৫৭টি উপজেলা শহরের চেয়ে জলঢাকা উপজেলা শহর থেকে সবচেয়ে কম দূরত্ব ও সহজ যোগাযোগব্যবস্থার কারণে এ উপজেলার গুরুত্ব অনেক বেশি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সার্বিক অবকাঠামোর জলঢাকা উপজেলা অনেক অনগ্রসর। এই উপজেলায় সরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক স্কুল ও কলেজ) এখন পর্যন্ত গড়ে ওঠেনি। জলঢাকা পৌরসভা গঠন করা হলেও সেই ধরনের নাগরিক সুবিধাদি কাঠামোগতভাবে গড়ে ওঠেনি। জলঢাকা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা অনেক আগে দরকার ছিল। কেননা বিগত কয়েক বছরে বিভিন্ন অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। তাই, দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা অত্র অঞ্চলের জনগণের সময়ের দাবিতে পরিণত হয়েছে। জেলা সদরসহ দু-একটি উপজেলা শহরের ফায়ার সার্ভিসের সুবিধা থাকলেও তা জলঢাকা উপজেলার জনগণের জন্য তেমন কাজে আসে না। আকস্মিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এড়াতে এবং নাগরিক প্রয়োজনে ওই সব ফায়ার সার্ভিস স্টেশন থেকে সুবিধা পেতে অনেক দেরি হয় অথবা অনেক ক্ষেত্রে সময়ের কারণে কোনো সুবিধা পাওয়া যায় না। তাই সবদিক দিয়ে বিচার করলে জলঢাকা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বাস্তব প্রয়োজনকে জাতীয় উন্নয়নের ধারা থেকে পৃথক করা যায় না। বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ করছি।মো. জিয়াউর রহমানজলঢাকা, নীলফামারী।