ফিক্সিং কেলেঙ্কারির দাগ ভালোভাবেই লাগল বাংলাদেশ ক্রিকেটের গায়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগের (আকসু) কাছে স্বীকার করে নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল সংবাদ সম্মেলন করে আশরাফুলকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। আর এর পরপরই আশরাফুলও সব দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। শুধু আশরাফুলই নন, বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ দেশটির ক্রিকেটকে আজ এক কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।বিশ্ব ক্রিকেটে এ ধরনের কেলেঙ্কারি নতুন নয়। তবে বাংলাদেশের ক্রিকেটাররা এ থেকে মুক্ত—এমন একটি স্বস্তি নিয়ে আমরা অনেকটা নিশ্চিন্তেই ছিলাম। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে গত এক দশকেরও বেশি সময় ধরে ফিক্সিং বিষয়টি এমন চরম আকার ধারণ করেছে যে এ ধরনের কেলেঙ্কারি বাংলাদেশকেও কখনো স্পর্শ করবে না, এমন ভাবার কোনো সুযোগ নেই। আশরাফুলের ঘটনা সেই বিষয়কেই আমাদের সামনে তুলে ধরল। বাংলাদেশ ক্রিকেটের বড় তারকাদের একজন মোহাম্মদ আশরাফুল। দেশটির ক্রিকেটের অনেক সাফল্য ও অসাধারণ অর্জনের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম ও কৃতিত্ব। আমাদের দুর্ভাগ্য যে তাঁর মতো একজন ক্রিকেট প্রতিভা ফিক্সিং কেলেঙ্কারির ফাঁদে পা দিয়েছেন। এখন তিনি সাময়িক নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন, অভিযোগের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যদি বড় মেয়াদের নিষেধাজ্ঞার কবলে পড়েন তবে তাঁর খেলোয়াড়ি জীবনেরই সমাপ্তি ঘটতে পারে। কলঙ্কের দায় নিয়ে এমন বিদায় কোনো খেলোয়াড়ের চাওয়া হতে পারে! ম্যাচ বা স্পট ফিক্সিং এমনই এক পাপ, যা একজন খেলোয়াড়কে এমনই করুণ পরিণতির দিকে নিয়ে যায়।বিপিএলের ফিক্সিং কেলেঙ্কারির সূত্র ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের এ ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগ ওঠার পর আইসিসি এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। বাংলাদেশের ক্রিকেট যখন আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে, তখন যত কঠিনই হোক সব সত্যকেই আমাদের মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে বালিতে মুখ গুঁজে থাকার কোনো সুযোগ নেই। ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং বা ডোপিংয়ের মতো খেলার সৌন্দর্য নষ্টকারী কিছু বিষয় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনকে নানা সময়েই কলঙ্কিত করেছে। এসব ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিই বিশ্বব্যাপী স্বীকৃত। বিসিবি সেই নীতির পথেই কঠোরভাবে চলবে, এটাই আমাদের চাওয়া।যে ক্রিকেট বাংলাদেশের জনগণকে সব বিভেদ ভুলিয়ে এক করতে পারে, দেশে নানা সময়ে সর্বজনীন উৎসবের পরিস্থিতি তৈরি করেছে, সেই ক্রিকেট আজ ঘোর সংকট ও এক কঠিন সময়ের মুখোমুখি। তবে এই কঠিন সময় আমাদের জন্য একটি সুযোগও তৈরি করে দিয়েছে। এই বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণই আমাদের ক্রিকেটকে সাময়িক এই অন্ধকার সময় থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে। ক্রিকেটে ম্যাচ ও স্পট ফিক্সিং চক্র আজ এতটা শক্তিশালী ও কৌশলী হয়ে উঠেছে যে এদের পাতা ফাঁদ থেকে মুক্তি পেতে ক্রিকেটারদের সব সময় সতর্ক থাকার বিকল্প নেই। আশরাফুলের ঘটনা সব ক্রিকেটারের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হতে পারে।