ফিটনেস ছাড়া যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পরিবহন খাতে কী পরিমাণ নৈরাজ্য চলছে, ভুক্তভোগী মানুষ প্রতিনিয়ত তা টের পাচ্ছে। ফিটনেস ছাড়া যানবাহনের সংখ্যা দিয়ে এর ভয়াবহতা পরিমাপ করা যায়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কোনো না কোনো সময়ে নিবন্ধিত যানবাহনের শতকরা ৩৩ ভাগেরই ফিটনেস বলে কিছু নেই। আর নিবন্ধন ছাড়া যে যানবাহনগুলো চলছে, সেগুলোর সঠিক পরিসংখ্যানও নেই!
চরম বিশৃঙ্খল ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতির মধ্যেই চলছে সড়ক যোগাযোগব্যবস্থা। এসব দেখভালের কেউ আছেন, এর প্রমাণ মিলছে না। যোগাযোগ মন্ত্রণালয়, ফিটনেস দেওয়ার কর্তৃপক্ষ বিআরটিএ (সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—কারোরই যেন বিকার নেই। যানবাহনের ফিটনেস পাওয়ার কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। এসবের কিছুই নেই—এমন যানবাহনও দিব্যি চলছে। কীভাবে তা সম্ভব? এর একটি উত্তর হচ্ছে দুর্নীতি, আর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন যানবাহনের মালিক ও তাঁদের সমিতির স্বেচ্ছাচারিতা।
সোয়া তিন লাখ যানবাহন চলছে ফিটনেস ছাড়া ফিটনেস নেই, এমন যানবাহন যেমন ফিটনেস সনদ নিয়ে চলছে, তেমনি ফিটনেস সনদ নেই, এমন যানবাহনও চলছে কোনো বাধা ছাড়াই। এসবের বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়ার কথা, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত হাত গুটিয়ে বসে আছে। সম্প্রতি নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৩ জন মারা যাওয়ার পর দেখা গেছে দুটি বাসের কোনোটিরই ফিটনেস হালনাগাদ ছিল না। প্রশ্ন হচ্ছে, এর পরও এই বাসগুলো যাত্রী পরিবহন করছিল কীভাবে? দুর্ঘটনার পর একটি কোম্পানির ১৫টি ফিটনেস ছাড়া গাড়ির সন্ধান পাওয়া গেছে।
দেশে যানবাহনের যে সংখ্যা দাঁড়িয়েছে, তা বিআরটিএর বর্তমান লোকবল বা কাঠামো দিয়ে নিয়ন্ত্রণ করা অসম্ভব। বিশৃঙ্খল দশা কাটিয়ে উঠতে হলে শুরুতেই এই প্রতিষ্ঠানকে শক্তিশালী ও দক্ষ করে গড়ে তুলতে হবে, কারিগরি সক্ষমতা বাড়াতে হবে এবং দুর্নীতি দূর করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে হবে এসব যানবাহন চলাচল বন্ধের উদ্যোগ নিতে। আইন কঠোর করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।