কিউবা বিপ্লবের নেতা, লাতিন আমেরিকাসহ তৃতীয় বিশ্বের বিপুলসংখ্যক মানুষের কাছে মুক্তির প্রতীক হিসেবে বিবেচিত ফিদেল কাস্ত্রো শেষনিশ্বাস ত্যাগ করেছেন। গত অর্ধ শতকজুড়ে বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডলে তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। বিশ শতকে মানুষে মানুষে সাম্য প্রতিষ্ঠার স্বপ্নে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার যে মহাপরীক্ষা চলেছে, পশ্চিম গোলার্ধে তিনিই ছিলেন তার প্রধান কর্মী ও নেতা। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবিরের পতনের পরেও নতুন বিশ্বব্যবস্থায় তিনি কিউবার স্বাতন্ত্র্য রক্ষার প্রয়াসের মধ্য দিয়ে পৃথিবীর নজর কেড়েছেন। তিনি আজীবন নিজ দেশ তো বটেই, সারা পৃথিবীতেও বিপুলসংখ্যক মানুষের ভালোবাসার পাত্র ছিলেন।
১৯৫৯ সালে চে গুয়েভারাসহ একদল বিপ্লবী যোদ্ধা ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবায় ক্ষমতা গ্রহণের শুরু থেকেই দেশটি মার্কিন অর্থনৈতিক অবরোধসহ নানা বিরুদ্ধতার মুখোমুখি হয়। এমনকি, তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছে অনেকবার—এমন অভিযোগও তিনি নিজে একাধিকবার করেছেন। মার্কিন বিরুদ্ধতার কারণে সোভিয়েত সমাজতান্ত্রিক শিবিরের ওপর কিউবার নির্ভরশীলতা স্নায়ুযুদ্ধকে পশ্চিম গোলাের্ধ সম্প্রসারিত করে। ১৯৬২ সালে এমনকি পরমাণুযুদ্ধের ঝুঁকিও সৃষ্টি হয়েছিল। এক অর্থে স্নায়ুযুদ্ধের কারণে কিউবার সমাজতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে। ব্যাহত হয়েছে তার অর্থনৈতিক সমৃদ্ধি। কিন্তু ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে দেশটির জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের চেষ্টা করেছে এবং কিউবা তার সকল নাগরিকের জন্য বিনা মূল্যে উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। অবশ্য সম্পদ বণ্টনের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে মোটের ওপর সমতা সৃষ্টি হলেও কিউবার অর্থনীতি সমৃদ্ধি অর্জন করতে পারেনি।
ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক আদর্শ ও তা বাস্তবায়নের পন্থা নিয়ে বিতর্ক হতে পারে। সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিউবার সাফল্য-ব্যর্থতা নিয়েও অনেক কথা বলা যেতে পারে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের অবসান, মার্কিন অবরোধ প্রত্যাহার ও নতুন বিশ্বব্যবস্থায় কিউবার শামিল হওয়া—এসব ফিদেল কাস্ত্রোর সারা জীবনের সংগ্রামকে শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে, সে প্রশ্নও উঠতে পারে। কিন্তু তাঁর নেতৃত্বগুণ, লক্ষ্য অর্জনের দৃঢ় অঙ্গীকার, আত্মবিশ্বাস ও সাহসিকতা প্রশ্নাতীত। তা ছাড়া, ফিদেল কাস্ত্রোর তাৎপর্য এই যে তিনি মানুষের দ্বারা মানুষের শোষণ, নিপীড়ন, বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটা সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন ও সংগ্রামের মূর্ত প্রতীক। তাঁর জীবন ও কর্মের এই প্রতীকী তাৎপর্যই তাঁর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।