ফিরিয়ে দাও বাংলা, বাঙালি ও বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে তাপ ও আলো দুটোই আছে। শাহবাগের আগুন কতটা পোড়াবে আর কতটা তাপ দেবে, সামনের দিনে তা স্পষ্ট হবে। কিন্তু যে বাংলাদেশের রাজনীতি পল্টনে পথ হাতড়াচ্ছিল, যে নাগরিক সমাজ অরাজনৈতিক পথে দিনবদলের খোঁজে শহীদ মিনারে সমবেত হতেন, শাহবাগ তাঁদের সবার সামনে নতুন দিশা হাজির করল। পল্টন যদি হয় দলের, শহীদ মিনার যদি হয় সিভিল সোসাইটির, তবে শাহবাগ তরুণদের প্রতিরোধপর্বের প্রতীক। ক্ষমতার এই তিন বিন্দু মিলে যে ত্রিভুজ, তরুণ জনসমাজ আছে তার শীর্ষে। শীর্ষে রইলেও অন্য দুটি বিন্দু থেকে তাদের প্রভাবিত করার চেষ্টাও জারি আছে। এই চেষ্টার ফলাফলই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্মৃতি এবং সে সময়ে কার কী ভূমিকা ছিল, তা নিয়েও টানাপোড়েন চলছে। ‘জয় বাংলা’ বলা হবে কি হবে না, শহীদজননী জাহানারা ইমাম কতটা জায়গাজুড়ে থাকবেন, মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ এবং সরকারের সঙ্গে সম্পর্কটা কী হবে, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের দাবির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও দাবি উঠবে কি না, এসব প্রশ্নে ক্ষমতার বিভিন্ন কেন্দ্রের অস্থিরতা ফুটে উঠছে। এসব অস্থিরতার সমীকরণ রাজনীতির জন্য বিরাট সংকেত। অস্বীকার করা যাবে না যে, যুদ্ধাপরাধীমুক্ত এই ভবিষ্যতের সূচনা করেছিলেন শহীদজননী জাহানারা ইমাম। কোনো লড়াই, কোনো মেহনতই বৃথা যায় না। তাঁর লড়াইটা শেষ করার দায়িত্ব নিয়েছে আজকের তরুণ। পিতার মুখের জায়গায় তারা ফিরিয়ে এনেছে মাতার মুখ। এই লড়াই রাজনৈতিক সংস্কৃতির গভীরেও ওলটপালট ঘটিয়ে দিয়েছে। এ আন্দোলনের আসল অবদান চেতনার জগতে। গত ৪২ বছরের মুক্তিযুদ্ধের চেতনা সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। জয় বাংলার বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদ এবং রাষ্ট্রভাষা বাংলাকে এত দিন যে চোখে দেখা হচ্ছিল, সেই দেখাও বদলে যাচ্ছে। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস বলেছিলেন, সংগঠিত মানুষ ইতিহাসের উপাদান নয়, ইতিহাসের নির্মাতা। সেই মানুষ সৃষ্টি করছে বাঙালিত্বের নতুন ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা পুনর্দখলের ইতিহাস।হরহামেশাই হাজার বছরের বাঙালির কথা আমরা শুনি। এর মাধ্যমে কী বোঝায়, তা এর প্রবক্তারা পরিষ্কার করতে পারেননি। তাঁরা আসলে চাইছিলেন বাঙালি জাতীয়তাবাদের শক্তিমান মিথ সৃষ্টি করতে। অথচ আজকে বাঙালি বলতে যা বোঝায়, সুলতানি আমলে তা ছিল না, আবার চর্যাপদের যুগে তা বোঝাত অন্য কিছু। এখন বোঝানো হয় জাতি, চর্যার যুগে বোঝানো হতো স্বাধীনতাকামী নিম্নবর্গীয়তা। চর্যার ৪৯ নম্বর কবিতায় ভুসুকুপা যা বলেছেন তার মর্মার্থ হলো: পদ্মা খাল দিয়ে বজরা নৌকায় যাচ্ছিলাম। পথে নির্দয় দস্যু দেশ লুট করে নিল। সেই দুঃখে ভুসুকু নতুন আশ্রয়ে বাঙালি হলো। আভিজাত্য ছেড়ে ঘর করল চণ্ডালির সাথে। নতুন জীবনে স্বার্থবোধ রইল না। কেবল রইল বিরাট এক পরিবার। সেখানে মহাস্নেহে সবাই জড়িত। একেই কবি বলছেন, ‘আমি ভুসু বঙ্গালী ভইলী’ অর্থাৎ আমি ভুসুকু সবার সাথে এক হলাম। জাতির ঘরে না জন্মালে জাতির সদস্য হওয়া যায় না। তাহলে ভুসুকু যে বাঙালি হলেন, তা নিশ্চয় জাতি নয়, নতুন চেতনা অর্জনের নাম।একাত্তরের রণাঙ্গন থেকে লেখা মুক্তিযোদ্ধার চিঠিতেও এরই প্রতিধ্বনি: ‘সুপ্রিয় আব্বাজান! আমার সালাম নিবেন। আশা করি খোদার কৃপায় ভালোই আছেন। বাড়ির সকলের কাছে আমার শ্রেণীমত সালাম ও স্নেহ রইলো। বর্তমানে যুদ্ধে আছি। আলীরাজা, মাহতাব, রওশন, রুনু, ফুলমিয়া, ইব্রাহিম সকলেই একত্রে আছি। দেশের জন্য আমরা সকলেই জান কোরবান করিয়াছি। আমাদের জন্য ও দেশ স্বাধীন হওয়ার জন্য দোয়া করবেন...দোয়া করিবেন মৃত্যু হইলেও যেন দেশ স্বাধীন হয়। তখন দেখবেন লাখ লাখ ছেলে বাংলার বুকে পুত্র হারাকে বাবা বলে ডাকবে। এই ডাকের অপেক্ষায় থাকুন। আর আমার জন্য চিন্তার কোন কারণ নাই। আপনার দুই মেয়েকে পুরুষের মত শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। তবেই আপনার সকল সাধ মিটে যাবে। ইতি, মো. সিরাজুল ইসলাম, ৩০-৭-৭১ ইং।’ মুক্তিযোদ্ধা সিরাজের চিঠির মধ্যে স্বপ্নের সোনার বাংলার রূপরেখা আছে। ভাষায় আছে মেঠো বাংলার স্বাদ। শাহবাগও সোনার বাংলার কথা বলছে এই মেঠো ভাষাতেই। এই স্বপ্ন ভুসুকুপাও দেখেছিলেন। তারা যে বাংলাদেশের কল্পনা করতেন, তা কেবল জাতির বা ধর্মের নয়, সব মানুষের সব ধর্মের সব জাতির। ‘জয় বাংলা’ ধ্বনির মধ্যে এই স্বপ্নটাই ছিল। কিন্তু সেই স্বপ্ন ও সেই স্লোগান বেহাত হয়ে গিয়েছিল। আশ্চর্য নয়, চর্যাপদের ওই কবিতা আর মুক্তিযোদ্ধা সিরাজের চিঠি এবং শাহবাগের ডাকের পটভূমিতে আছে মর্মান্তিক দুই গণহত্যার স্মৃতি। শাহবাগ আন্দোলন তাই স্মৃতির পুনর্জাগরণ। ‘বাংলাদেশ’ ধারণারও নবায়ন।দ্বাদশ শতাব্দীতে সেন আমলে বৌদ্ধদের ওপর বিরাট গণহত্যা চলে। সেটাই ছিল বাঙালির ওপর প্রথম গণহত্যা এবং সেই গণহত্যার সঙ্গে সঙ্গে বাংলার লাখ লাখ বৌদ্ধ জনসাধারণ দেশান্তরি হয়েছিল। সেই বেদনা বুকে নিয়ে সে সময়ের বাংলাভাষী কবিরা লিখেছিলেন এসব কবিতা। দেশান্তরের সময় কবিতাগুলো তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিল। ১৯৭১ সালে আবার আরেকটি গণহত্যা নেমে আসে বাংলার মানুষের ওপর। এক কোটি বাঙালির দেশান্তরি হয়। সেই বিপর্যয়ের দিনেও রচিত হয় বাঙালি হওয়ার গল্প-কবিতা-মুক্তির গান। হাজার বছরের বাঙালির ইতিহাস তাই গণহত্যা, দেশ দখল আর ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর ইতিহাস। বাঙালির ইতিহাস জাতিগত দম্ভের ইতিহাস ভাবলে তাই ভুল ভাবা হবে। চর্যাপদ সাক্ষ্য দিচ্ছে, বাঙালিরা রক্তের সম্পর্কের জাত বা প্রাকৃতিক জাতি নয়। পরাধীনতা ও শোষণের বিরুদ্ধে, বর্ণপ্রথা ও জাতপাতের বাড়াবাড়ি অস্বীকার করে নিম্নবর্গীয় বনবাসী, আদিবাসী মানুষেরা যে পরিচয়ে এক হয়েছিল, তারই নাম বাঙাল বা বাঙালি। ইংরেজ বা আর্য বা পাঞ্জাবি বা আরবদের মতো জৈবিক জাতি বা রেস এরা নয়। বাঙালি পরিচয় ও ভাষা বরং অনেক জাতি ধর্ম আর ভাষার সমাহার। তাই বাঙালি জাতীয়তাবাদকে যখন দেখি আজকের চাকমা, মান্দি বা ত্রিপুরা আদিবাসীদের ‘বাঙালি’ হয়ে যেতে বলতে, বা শুনি ‘তুমি কে আমি কে/ বাঙালি বাঙালি’ স্লোগান; তখন মনে হয় ভুসুকুর বাঙালি আর এই বাঙালি এক নয়। রাষ্ট্রবাদী জাতীয়তাবাদীরা হাজার বছরের বাঙালি জাতীয়তাবাদের যে বীরত্বভরা গল্প দাঁড় করান, তা অনেকটাই রূপকথা। সত্য হলো বাংলার কাদামাটি মতো নমনীয় উদার পরিচয়। সত্য হলো অন্যায়, জুলুম ও ভেদাভেদের বিরোধিতা। হাজার বছরের রাজা-বাদশাহ-জমিদার এবং ইংরেজ শিক্ষিতদের অনেকেই বরং নিজেদের বাঙালি বলতে ঘৃণা বোধ করতেন। কিন্তু নিচুতলার মানুষদের এ নিয়ে দ্বিধা ছিল না। তারাই তৈরি করেছে চর্যাপদের ভাষা, তারাই জন্ম দিয়েছে একুশ ও একাত্তর। জন্ম দিয়েছে ‘জয় বাংলা’। এই জয় বাংলা রাষ্ট্রীয় নয়, সামাজিক। ‘জয় বাংলা’ বাঙালি মুসলিম-হিন্দু সবার। এবং এই বাংলা ‘দেশ’ কেবল রাষ্ট্রীয় সীমানায় আবদ্ধ নয়। বাংলা ভাষা, বাঙালি পরিচয় আর বাংলাদেশ রাষ্ট্রের নির্মাতাও এই আতরাফ ও নিম্নবর্ণের কৃষকেরা। তাঁদের সংস্কৃতিতে ইসলাম, বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির পলি পরতের পর পরত জমে আছে। তাদের ভাষায় সাঁওতাল, মুণ্ডা, কোচ, সংস্কৃত ও আরবি-ফারসির মিশেল। এই বাঙালি আর তার ভাষা অহংকারী নয়। বরং তা শাহবাগের তরুণদের কণ্ঠে নতুন করে বলা শিখেছে, ‘তুমি কে আমি কে/ চাকমা মান্দি বাঙালি’। এই বাঙালির ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা থেকে দম ও শক্তি নেয়। এই মানুষেরাই বারবার আধিপত্য ও সংকীর্ণতার খপ্পর থেকে জাতি ও ধর্ম পরিচয় বাঁচিয়ে মানবিকতার সংগ্রাম জারি রাখে। বাঙালি জাতীয়তাবাদের নামে জয় বাংলাকে দলীয় স্লোগান বানানো কিংবা ভাষার বিশুদ্ধতা রক্ষার নামে আঞ্চলিক ভাষার প্রতি যুদ্ধ ঘোষণা তাই মুক্তিযুদ্ধের বা বাঙালি চেতনার বরখেলাপ। চর্যাপদের বাঙালি থেকে একাত্তরের বাঙালি হয়ে গণজাগরণের ‘বাঙালি’ ও ‘বাংলা’ দাপুটে জাতীয়তাবাদের অধিপতি ভাষা নয়। ইংরেজের হাতে গড়া দরবারি বাংলা রাষ্ট্রভাষা হলেও সাধারণ মানুষের এজমালি বাংলা রাষ্ট্রীয় মর্যাদা পায়নি। সেই মর্যাদা এখনো ইংরেজির কপালে। যে বাংলায় একাত্তরের মুক্তিযোদ্ধারা চিঠি লিখতেন বা যে বাংলায় আজকের তরুণেরা স্লোগান তোলেন, বা গ্রামের জননী মোনাজাত বা প্রার্থনা করেন, তাকে অশুদ্ধ বলায় ভাষাবর্ণবাদই প্রকাশ পায়। কিন্তু গঙ্গাও যেহেতু হিমালয়ে ফিরবে না, ভাষা ও জনতাও ক্ষমতার নির্দেশ মোতাবেক চলবে না। একুশ মানে তাই সব ভাষার সমান অধিকার। আর একাত্তর এখনো উপমহাদেশের মুক্তিকামী চেতনার প্রতীক। বাংলা অঞ্চলও কেবল রাষ্ট্র ও মানচিত্র নয়, তা এক মানসিক দেশের আশ্রয়। যা ছড়িয়ে আছে বাংলাদেশ ছাপিয়ে ভারত হয়ে বিশ্ব পর্যন্ত। শাহবাগে আমরা এই নতুনেরই ডাক শুনেছি। সেই ডাক ভাষা, দেশ ও পরিচয় মুক্তির ডাক।ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।[email protected]