ফুটপাত ও রাস্তা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতগুলো অনেক দিন ধরেই হকারদের দখলে। এখন তাঁরা রাস্তাও দখল করে নিয়েছেন, ওই এলাকায় তীব্র যানজটের এটা অন্যতম কারণ। ২০০৭ সালে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে হকার পুনর্বাসনের অংশ হিসেবে ‘হলিডে মার্কেট’ চালু করা হয়। হকারদের উচ্ছেদ করে গুলিস্তানসহ রাজধানীর পাঁচটি নির্দিষ্ট জায়গায় তাঁদের বিভিন্ন ছুটির দিনে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু এখন সপ্তাহের সব দিনেই হলিডে মার্কেট বসছে।
এমনিতেই ঢাকা এখন যানজটের নগর। রাস্তা দখল করে হকারদের এই ব্যবসা যানজট আরও বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করলে হকাররা মারমুখী হয়ে ওঠেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানাভাবে অপমান করেন। অভিযান চালিয়ে তাঁদের উচ্ছেদ করা হলেও কিছুদিন পর তাঁরা আবারও ফুটপাতে ও রাস্তায় পণ্যের পসরা নিয়ে বসে যান। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। ফলে অবস্থার কোনো পরিবর্তন হয় না। প্রচণ্ড ভিড়ে মানুষের হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ে। সামান্য দূরত্ব অতিক্রম করতে যেকোনো পরিবহনের যাত্রীদের অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। বিনিয়োগ বোর্ডের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, রাজধানীতে যানজটের কারণে বছরে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে প্রায় এক লাখ কোটি টাকা।
শুধু গুলিস্তান নয়, রাজধানীর আরও অনেক এলাকাতেই ফুটপাত ও রাস্তা হকারদের দখলে। কিন্তু এভাবে আর কত দিন? সময় এসেছে এই সমস্যাটির স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার। ফুটপাত ও রাস্তা দখল রোধ করা এবং যানজট নিরসনের জন্য সিটি করপোরেশনের মেয়রদের আরও তৎপর হতে হবে। অভিযান চালিয়ে ফুটপাত ও রাস্তাগুলো দখলমুক্ত করে সব সময় নিয়মিত নজরদারি করতে হবে, যেন সেগুলো আবার দখল করার সুযোগ কেউ না পায়। এখন এ সমস্যার স্থায়ী সমাধান করা না হলে অদূর ভবিষ্যতে মহানগরের অনেক এলাকা যানজটে অচল হয়ে পড়তে পারে।