ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট নামের একটি বেসরকারি সংগঠনের জরিপ থেকে জানা যায় যে ঢাকা শহরের ৪৪ শতাংশ সড়কে ফুটপাত নেই। তাহলে ওই সব এলাকার মানুষ কি হেঁটে চলাচল করে না? অবশ্যই করে; ঝুঁকি নিয়ে। আরও উদ্বেগজনক হলো, শহরে যে ৫৬ শতাংশ সড়কে ফুটপাত আছে, তারও সবটা পথচারীরা ব্যবহার করতে পারে না। ৮২ শতাংশ ফুটপাতের অবস্থা খুবই খারাপ। অপর এক জরিপে বলা হয়, শহরের ৩০ শতাংশ শিশু হেঁটে বিদ্যালয় গেলেও তারা সেটি নিরাপদ মনে করে না। হাঁটতে গিয়ে পথচারীরা কেবল বিড়ম্বনায়ই পড়ে না, অনেক সময় দুর্ঘটনারও শিকার হয়। নিকট অতীতে এ ধরনের দুর্ঘটনায় পড়ে বেশ কয়েকজন পথচারী মারা গেছে। বিশ্বের অন্যতম মেগা সিটির এই হাল মেনে নেওয়া যায়?
যেকোনো পরিকল্পিত ও উন্নত শহরের জন্য সড়কের দুপাশে প্রশস্ত ফুটপাত ও খোলা জায়গা থাকা আবশ্যক। ঢাকারও কোনো কোনো সড়ক নির্মাণের সময় প্রশস্ত ফুটপাত রাখা হলেও দখলদারদের দৌরাত্ম্যে পরবর্তীকালে সেসব ক্রমশ সংকুচিত হয়ে গেছে। বিশেষ করে সড়কের পাশে থাকা মার্কেট, দোকান, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার মালিকেরা ফুটপাতকে নিজেদের সম্পত্তি মনে করে যথেচ্ছ ব্যবহার করেন। এটি সম্পূর্ণ বেআইনি। ইদানীং ফুটপাতের ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর বদ অভ্যাসটি নিয়মে পরিণত হলেও ব্যবস্থা নিতে দেখা যায় না।
পথচারীদের নিরাপদে ও স্বচ্ছন্দে হাঁটার পরিবেশ তৈরি করতে শহরের শতভাগ সড়কে যেমন ফুটপাত নির্মাণ জরুরি, তেমনি সেই ফুটপাত যাতে কেউ দখল না করতে পারে, সেই নিশ্চয়তাও থাকতে হবে। ফুটপাত থেকে ময়লা–আবর্জনা, নির্মাণসামগ্রীসহ ফুটপাত থেকে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলতে হবে, রাতের বেলায় পর্যাপ্ত বাতি রাখতে হবে। সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টাই পারে নগরীকে পথচারীবান্ধব করতে।
সিটি করপোরেশন, রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চৈতন্যোদয় হোক। পথচারীদের হয়রানি ও বিড়ম্বনা বন্ধ হোক।