প্রথম আলোয় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকার ৪৫টি ফুটপাতে অন্তত ১০-১২ হাজার ভাসমান দোকান আছে। প্রতিটি দোকান থেকে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। চাঁদার হার গড়ে ২০০ টাকা করে হলে দিনে ২০ লাখ টাকা চাঁদা ওঠে। চাঁদার এই টাকা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী, সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পুলিশ, চাঁদা তোলার কাজে নিয়োজিত লাইনম্যান ও তাঁদের সহযোগীরা ভাগ করে নেন।
ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক গবেষণা অনুযায়ী, দুই সিটি করপোরেশনের ফুটপাতের হকারদের কাছ থেকে বছরে ১ হাজার ৮২৫ কোটি টাকা চাঁদা আদায় হয়।
রাজধানীর অন্যতম সমস্যা হকারের ফুটপাত দখল। কোনো কোনো এলাকায় ফুটপাত পার হয়ে হকাররা মূল রাস্তা দখল করে নিয়েছেন। গুলিস্তান ও এর আশপাশের এলাকাসহ অন্যান্য এলাকায় যানজটের অন্যতম কারণ হচ্ছে হকারদের এই ফুটপাত ও রাস্তা দখল। ফুটপাত হকারমুক্ত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয় না। সম্ভবত এই চাঁদাবাজির কারণেই ফুটপাত আর দখলমুক্ত হয় না। কেননা, এতে অনেকের স্বার্থ জড়িত। তাদের মদদেই হকাররা ফুটপাতে ব্যবসা করার সুযোগ পান।
কিন্তু এখন এ চক্রকে ভাঙতে হবে। তা না হলে রাজধানীর ফুটপাতগুলো কখনোই দখলমুক্ত হবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন গত জানুয়ারি মাসে এক সভায় চাঁদা আদায়কারী লাইনম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
আমরা আশা করছি, ফুটপাত দখলমুক্ত ও নগর যানজটমুক্ত রাখতে মেয়র তাঁর শক্ত অবস্থান অব্যাহত রাখবেন।