ফুটপাতের পসরা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যার শেষ নেই, তার ক্ষেত্রে ‘শেষ কথা’ বলতে যাওয়া আহাম্মকি। অথচ এই আহাম্মকি বছরের পর বছর রাজধানীবাসীকে দেখে যেতে হচ্ছে। কিছু নাগরিক সমস্যা রাবণের চিতার মতো টিকে থাকবে—এ কথা জেনেও তা অবসানের জন্য বারবার ‘শেষ কথা’ দেওয়া হয় এবং যথারীতি সেই শেষ কথা শেষ পর্যন্ত ‘ফালতু কথায়’ পর্যবসিত হয়।

বহু অনিয়ম নাগরিকের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে, যা বাদ দিতে গেলে বিপত্তি বাধে। তবু আন্তরিক চিন্তা থেকেই হোক আর দায়সারা দায়িত্ববোধ থেকেই হোক, নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে মাঝেমধ্যে সেই অনিয়মকে শোধরানোর চেষ্টা করা হয়। সেই চেষ্টার বিষয়ে সাধারণ মানুষের আস্থা আছে কি না, তা অবশ্য তর্কসাপেক্ষ। সে রকমের একটি ‘চেষ্টা’ হলো রাজধানীর ফুটপাতে বসা অবৈধ পসরা উচ্ছেদ। কিছুদিন পরপরই নগরবাসী এই দৃশ্য দেখে। দু-তিন দিন, বড়জোর এক সপ্তাহ ফুটপাতে লোকজন হাত-পা ছেড়ে-ছুড়ে স্বচ্ছন্দে হাঁটে। পরে আবার আগের ছবি ফিরে আসে। আবার ঠেলাঠেলি, গায়ে গা ঘেঁষে, ধাক্কাধাক্কি করে ফুটপাতে হাঁটা শুরু হয়।

দু-তিন দিন ধরে রাজধানীতে আবার ফুটপাতের অবৈধ পসরা উচ্ছেদ অভিযান চলছে। ইতিমধ্যে পল্টন মোড় থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে থাকা হকারদের শতাধিক অবৈধ পসরা উচ্ছেদ করা হয়েছে। 

এটি খুবই সত্য যে যাঁদের উচ্ছেদ করা হয়েছে, তাঁরা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী। এই ফুটপাতের পসরা থেকেই তাঁদের সংসার চলে। আকস্মিকভাবে সেই ব্যবসা বন্ধ হলে তাঁদের চুলায় হাঁড়ি চড়া দুষ্কর হয়ে পড়ে। কিন্তু তার চেয়েও বড় সত্য, ফুটপাতে দোকান বসানো একে তো বৈধ নয়, তার ওপর সেটি জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায়। যানজটেরও বড় কারণ এসব দোকান-পসরা। ফলে এখানে দোকানদারি চলতে পারে না।

সরকার কিছুদিন পরপর এই ব্যবসায়ীদের উচ্ছেদ করে। কিন্তু বিকল্প কিছু না থাকায় পেটের পীড়নে আবার তাঁরা আইন ভেঙে ফুটপাতে ফিরে আসতে বাধ্য হন। পুলিশ ও স্থানীয় চাঁদাবাজদের টাকাপয়সা দিয়ে আবার ফুটপাত দখল করে নেন তাঁরা। এর ফলে স্থায়ী সমাধান কিছু হয় না।

প্রশাসন যদি ফুটপাতকে দখলমুক্ত করার বিষয়ে আন্তরিক হয়ে থাকে, তাহলে টেকসই সমাধানের দিকে যেতে হবে। যাঁদের উচ্ছেদ করা হয়, তাঁদের বিকল্প জায়গায় পুনর্বাসন করলে সেই কাজ অনেক সহজ হয়ে যেতে পারে। এর জন্য বিশাল কোনো বরাদ্দ লাগার কথা নয়। উচ্ছেদের পর আবার যাতে দখলদারেরা ফুটপাতে না আসতে পারেন, সে বিষয়ে দীর্ঘমেয়াদি কড়া পাহারাও দরকার। তবে সবার আগে যেটি দরকার, তা হলো প্রশাসন তথা সরকারের মনোভঙ্গির পরিবর্তন। সরকার যদি ফুটপাত অবারিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ হয় এবং সে অবস্থানে অটল থাকে, তাহলে এ সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ের অভাব হবে না।