ফুটবলে শুরু হোক নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রাণের খেলা ফুটবল বেশ কয়েক বছর ধরেই যেন দিশাহীন। হারিয়ে গেছে আগের সেই আবেগ, উন্মাদনা। ঢাকায় ফাঁকা স্টেডিয়ামের গ্যালারি। ১৯৯৬ সালে বাংলাদেশের র্যা ঙ্কিং যেখানে ছিল ১১০, দুই দশক পরে তা ১৮৮ তে। গত অক্টোবরের এই অবস্থান যেটা দেশের ইতিহাসে সর্বনিম্ন (নভেম্বরে অবশ্য ১৮৩)। জাতীয় দলের ব্যর্থতায় এবং সামগ্রিকভাবে ফুটবলের এই ক্রমেই পিছিয়ে পড়া সত্যিই বেদনাদায়ক। দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো আমাদের অনেক পেছনে ছিল, সেই আফগানিস্তান (১৪৭), মালদ্বীপ (১৫৪), ভুটান (১৭৬), নেপাল (১৮১) অবশ্য আমাদের চেয়ে অনেক ওপরে উঠে গেছে।
ফুটবলের উন্নয়নে সঠিক ও কার্যকর কোনো কর্মপরিকল্পনা না থাকার কারণেই পরিস্থিতি আজ এতটা শোচনীয় হয়েছে। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এত দিনেও একটা সঠিক পথরেখা তৈরি করতে পারেনি। ক্লাবগুলো বালুতে মুখ গুঁজে আছে। নতুন খেলোয়াড় তৈরিতে তারা ভূমিকা রাখতে না পারার কারণেই জাতীয় দলে খেলোয়াড়ের সংকট এতটা তীব্র। আমাদের জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ বা সাফের গত তিনটি আসরেই আমরা গ্রুপ পর্বেই বিদায় নিয়েছি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ভুটানের কাছে হারতে হয়েছে বিশ্রীভাবে।
এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফে হারের মাশুল হিসেবে ফুটবল এখন সাময়িক নির্বাসনে, আগামী তিন বছর ফিফা-এএফসির কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এই ঘটনায় কি ঘুম ভাঙল বাফুফের? গত পরশু তারা চার বছরের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। কিন্তু এতে দারুণ উদ্ভাবনী কিছু নেই, ফুটবলের এই দুর্দশার দায় কার তারও কোনো ব্যাখ্যা নেই। তবে বাফুফের এই নতুন কর্মপরিকল্পনা ঘুরে দাঁড়ানোর উদ্যোগ হলে তা হবে মন্দের ভালো।
এ কথা সত্য যে বর্তমান দুর্দশা থেকে ফুটবলকে টেনে তোলার কাজটি একা বাফুফের পক্ষে সম্ভব নয়। ফুটবল থেকে রাজনীতি ও কায়েমি স্বার্থের বিষয়গুলো দূর করতে হবে। ক্লাবগুলোকে অগ্রণী ভূমিকা নিতে হবে। বিশ্বজুড়েই ফুটবল ক্লাবকেন্দ্রিক খেলা। এ দেশেও তা–ই ছিল, আবাহনী-মোহামেডান নামের আবেগটা আমাদের জানা।
ফিফার কঠোর বিধিনিষেধ থাকায় বাফুফের কাজে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব বাফুফের। ফুটবলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলায় আর্থিক সহযোগিতা নিশ্চিত করার কাজটি সরকারকে করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে বাফুফের বিপুল অর্থের প্রয়োজন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এগিয়ে না এলে তা জোগাড় করা কঠিন। ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে ফুটবল আবার ফিরে পেতে পারে তার যৌবন। এ ক্ষেত্রে ক্রিকেটের সাফল্য হতে পারে বাড়তি অনুপ্রেরণা।