তিনি জনপ্রতিনিধি, নাকি কোনো সশস্ত্র গোষ্ঠীর নেতা? ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারীর ২৬ অনুসারী ১৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক হওয়ার পর এ প্রশ্ন খুবই সংগত। ঘটনা এখানেই থেমে থাকেনি, এই অস্ত্রধারীদের আটকের পর তাদের ছেড়ে দেওয়ার দাবিতে এই আইন প্রণেতার অনুসারীরা রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরের মতো বেআইনি কাজও করেছে।
গত ২ জুন সোনাগাজীতে খুন হয়েছেন যুবলীগের কর্মী আজিজুল হক। এর প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়েছিল নিজাম হাজারীর অনুসারীরা। সেখান থেকে ফেনী ফেরার পথে তাদের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে র্যা ব পাঁচটি শর্টগান, পাঁচটি পিস্তল, একটি বিদেশি বন্দুক, চারটি এলজি, ১৬টি রামদা ও দুটি চায়নিজ কুড়াল উদ্ধার এবং তিনটি মাইক্রোবাস থেকে ২৬ জনকে আটক করে। এরা রাজনৈতিক কর্মী, নাকি দুর্বৃত্ত চক্র? কোনো রাজনৈতিক দলের কর্মী বাহিনী এভাবে চলাচল করতে পারে? প্রয়োজনে প্রতিপক্ষের ওপর ব্যবহারের জন্যই নিশ্চয় এই অস্ত্র বহন করা হচ্ছিল।
১৫ অস্ত্রসহ নিজাম হাজারীর ২৬ অনুসারী আটকবিপুল অস্ত্রসহ এই গ্রেপ্তারের ঘটনার পর সাংসদ হাজারী জানিয়েছেন, তাঁর ‘ছেলেদের’ বহন করা অস্ত্রগুলোর লাইসেন্স রয়েছে। অস্ত্রের কাগজপত্র তিনি নাকি র্যা ব কার্যালয়ে পাঠিয়ে দেবেন। এই অস্ত্রগুলোর লাইসেন্স থেকে থাকলেও যারা অস্ত্রগুলো বহন করছিল, তারা যে লাইসেন্সধারী নয়, সেটা অনেকটাই পরিষ্কার। কারও লাইসেন্স করা অস্ত্র যদি অন্য কেউ বহন করতে পারে, তবে তো লাইসেন্স নিয়ে অস্ত্র ভাড়ায় খাটানোও সম্ভব। মাইক্রোবাসে যে রামদা ও চায়নিজ কুড়াল পাওয়া গেল, এসবেরও কম লাইসেন্স আছে?
এই অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করব আইন নিজের মতো চলবে, সরকারি দলের লোকজন বলে তারা পার পেয়ে যাবে না। তবে সরকারি দলের যে সাংসদ এ ধরনের লোকজন পুষছেন, তাঁর বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়। ফেনীতে এর আগে যে একজন উপজেলা চেয়ারম্যানকে হথ্যা করা হয়, সেই ঘটনায়ও সন্দেহের তির ছিল সাংসদ নিজাম হাজারীর সহযোগীদের দিকে।