ফেনীর স্কুলছাত্রী ধর্ষণ মামলার রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শিকার এক তরুণী ও তাঁর গর্ভজাত সন্তানকে ন্যায়বিচার প্রদানের যে মহতী উদ্যোগ আদালত নিয়েছেন, তা একটি মাইলফলক নজির হতে পারে। এর আগে চট্টগ্রামের একটি আদালত এক রায়ে এক তরুণীকে ধর্ষণের পর জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের ভার রাষ্ট্রকে নিতে নির্দেশ দিয়েছিলেন। আমাদের ফৌজদারি বিচারব্যবস্থায় ক্ষতিপূরণের বিষয়টি এখনো যথেষ্ট উপেক্ষিত। বিশ্বের অনেক দেশে ক্ষতিপূরণ প্রদানে সরকারি কর্তৃপক্ষ রয়েছে। যেমন, ইংল্যান্ডে ক্রিমিনাল ইনজুরিস কমপেনসেশন অথরিটি রয়েছে। বুধবার ক্যারোলিন নামের ধর্ষণের শিকার এক নারীকে ৩০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন আদালত। আমাদের দেশে ক্রমবর্ধমান খুন ও ধর্ষণের লাগাম টানতে অপরাধীকে কেবল কারাদণ্ড প্রদান করাই যথেষ্ট নয়, তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে।
ফেনীর এই ঘটনায় ধর্ষণের দায়ে অভিযুক্ত পলাতক আসামি তৌহিদুল কথিতমতে দেশান্তরিত হয়েছেন, কিন্তু দেশে তাঁর সহায়সম্পদ রয়েছে। সুতরাং তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার বিষয়টি বাস্তবে ভুক্তভোগী তরুণীর জন্য তেমন কোনো
সান্ত্বনা বয়ে আনার কথা নয়। এটাও পরিতাপের বিষয় যে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হওয়ার আট বছরের বেশি সময় পরে এই ঘৃণ্য অপরাধের বিচার হলো। শিশুটির ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে তার ভরণপোষণের দায়িত্ব নিতে বলার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এখন পলাতক আসামির জন্য বাধ্যকর যেসব রয়েছে, তা প্রতিপালনের বিষয়টি সহজ নয়। আইন প্রয়োগকারী সংস্থা যদি ভুক্তভোগী মা ও ছেলের পাশে না দাঁড়ায়, তাহলে আদালতের রায় কেবল কাগজপত্রের বিষয় হিসেবেই থেকে যাবে।
সুতরাং আমরা আশা করব, হতভাগ্য মা-ছেলের জীবনে ন্যায়বিচারের সুফল যাতে মেলে, সেটা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থাকে পাশে দাঁড়াতে হবে। আদালতের এখতিয়ার বা কোনো আইনি প্রশ্ন যেন তাঁদের জীবনে নতুন কোনো জটিলতা বয়ে না আনে। ধর্ষণ মামলার এই রায় অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।