ফের বাসের চাপায় অঙ্গহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বাসের চাপায় মানুষের অঙ্গহানির ঘটনা ঘটল। এবার বাসচাপায় পা হারালেন এক রেন্ট-এ–কার প্রতিষ্ঠানের গাড়িচালক রাসেল সরকার (২৪)। তবে এটাকে দুর্ঘটনা বলা যাচ্ছে না বরং ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া হয়েছে বলেই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। এর আগে দুই বাসের প্রতিযোগিতায় প্রথমে হাত ও পরে প্রাণ হারান কলেজছাত্র রাজীব হোসেন। বাসের চাপায় পা হারানোর নয় দিন পর গৃহকর্মী রোজিনা মারা গেলেন গতকাল। এসব ঘটনা চালকদের নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া মনোভাবকেই তুলে ধরছে।

রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, রাজধানীর দোলাইরপাড়ে গ্রিন লাইন পরিবহনের একটি বাস রাসেল সরকারের গাড়িকে ধাক্কা দিলে তিনি গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে চালককে নামতে বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে গ্রিন লাইন পরিবহনের চালক দৃশ্যত বাস দিয়ে তাঁকে চাপা দিয়ে চলে যান। এতে তাঁর শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গাড়িতে ধাক্কা লাগার ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে ধরে নিলে পরেরটি কার্যত হত্যাচেষ্টা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের চালক ইচ্ছাকৃতভাবে রাসেল সরকারের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে গেছেন।

চালকদের এ ধরনের বেপরোয়া আচরণ একেবারেই নতুন নয়। ১৬ এপ্রিল দায়িত্ব পালনের সময় ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন একটি বাসকে উল্টো পথে যেতে বাধা দেওয়ায় তাঁর ওপর দিয়েই বাস চালিয়ে দেন চালক। দেলোয়ার কাজে ফিরতে পারবেন কি না, তা অনিশ্চিত। এর আগে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর পান্থপথে একটি প্রাইভেট কার ইচ্ছাকৃতভাবে চাপা দিয়ে হত্যা করে ট্রাফিক সার্জেন্ট রিয়াজকে। ২০১৫ সালে চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার মোড়ে কথা-কাটাকাটির জেরে এক বাসচালক একজন অটোরিকশাচালকের ওপর বাস উঠিয়ে দিয়ে তাঁকে হত্যা করেন।

যানবাহন চালকদের এ ধরনের বেপরোয়া আচরণ সামাল দেওয়ার পথ হচ্ছে তাঁদের কঠোর শাস্তি নিশ্চিত করা। প্রচলিত আইনে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের তিন বছরের কারাদণ্ডের বিধান আছে। সে আইনেরও সঠিক প্রয়োগ কি আমরা দেখতে পাচ্ছি? বরং অধিকাংশ ক্ষেত্রে আইনের ফাঁকফোকর দিয়ে অভিযুক্তরা বের হয়ে যায়। আর যেখানে চালক ইচ্ছাকৃতভাবে কাউকে চাপা দেন, তখন তাকে তো আর দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা চলে না।
গ্রিন লাইন বাসের চালক কবির হোসেনের বিরুদ্ধে রাসেল সরকারের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার যথাযথ তদন্ত জরুরি। যদি সত্যিই তা ঘটে থাকে তবে সড়ক দুর্ঘটনা আইনে নয়, বরং তঁার বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করাই হবে যথাযথ। এ ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে পারলে তা একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। আমরা এ ব্যাপারে পুলিশের জোরালো ভূমিকা আশা করছি।