ফেরিঘাট ও মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সপ্তাহ খানেক আগে সড়ক-মহাসড়ক ও ফেরিঘাটে যান চলাচলের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দুই প্রান্তে শত শত যান আটকে পড়ার খবর বের হয়েছে শনিবারের প্রথম আলোতে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে শুক্রবার দেখা দিয়েছিল দীর্ঘ যানজট। শত শত যান আটকে থাকায় দুর্ভোগে পড়ে অসংখ্য যাত্রী। ঈদের সময় যখন ঘরমুখো যাত্রীদের চাপ আরও বাড়বে, তখন পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে কে জানে!পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপারে এমনিতেই এখন প্রয়োজনীয়সংখ্যক ফেরি নেই। এর ওপর মাওয়া ফেরিঘাট দিয়ে ট্রাক পারাপার বন্ধ করে দেওয়ায় সব চাপ এসে পড়েছে এই ঘাটের ওপর। শুধু দৌলতদিয়া প্রান্তে তিন সারিতে আড়াই কিলোমিটার দীর্ঘ বাস-ট্রাকের জট পরিস্থিতির ভয়াবহতাকে তুলে ধরছে। সকালে দৌলতদিয়া ঘাটে এসেছে এমন যাত্রীদের অনেকে দুপুর ১২টার পরও ফেরি থেকে কয়েক কিলোমিটার দূরে বাসে বসে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। আর অনেক ট্রাক আগের দিন থেকে আটকা পড়ে রয়েছে ফেরিঘাটে।রাজধানীর কোরবানির পশুর হাটগুলো এখনো জমে ওঠেনি। আরও দু-এক দিন পর থেকে রাজধানীর হাটগুলোর জন্য গরুর ট্রাক শহরে আসা শুরু করবে। এখনই দেখা যাচ্ছে ফেরিঘাটে ট্রাক আটকা পড়ে থাকছে, সামনের দিনগুলোতে এই বাড়তি চাপ সামাল দেওয়া হবে কীভাবে? কোরবানির ঈদ আকস্মিকভাবে আসা কোনো বিষয় নয়। এ সময় যানবাহনের চাপ বাড়বে, এটাও নতুন কোনো বাস্তবতা নয় এবং বিষয়টি আগে থেকেই জানা। সংস্কার বা মেরামতের জন্য কেন এখনই ফেরির সংখ্যা কমিয়ে ফেলতে হলো? আগে থেকে উদ্যোগ নিলে ঈদের আগে এখন এই সমস্যায় পড়তে হতো না। এটা স্পষ্ট যে মাওয়া ঘাট দিয়ে ট্রাক পারাপার বন্ধ করে দিয়ে বা দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক ফেরি দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। ফলে পারাপারের জন্য অতিরিক্ত ফেরির ব্যবস্থা করার কোনো বিকল্প নেই। অন্যদিকে, যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি মহাসড়কে যানজটের মূল কারণ হচ্ছে ট্রাফিক আইন ও লেন না মেনে গাড়ি চালানো, যেখানে-সেখানে গাড়ি থামানো ও সড়কের ওপর বিভিন্ন অস্থায়ী দোকানপাট। শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে যানজট দেখা দিয়েছিল, তার পেছনে এই বিষয়গুলো কাজ করেছে। ফলে হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই বিষয়গুলোর প্রতি বাড়তি মনোযোগ দিতে হবে।