নির্মাণকাজে ধীরগতির কারণে ঈদের আগে রাজবাড়ীর দৌলতদিয়ায় নতুন দুটি ফেরিঘাট চালু করা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা উদ্বিগ্ন হওয়ার মতো।
গতকাল বুধবার প্রথম আলোর খবরে বলা হয়েছে, পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা করতে রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রস্তাবিত নতুন দুটি ঘাটের সড়ক নির্মাণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দৌলতদিয়ার লঞ্চ ও ১ নম্বর ফেরিঘাটের মাঝখানে এক সপ্তাহের বেশি সময় ধরে নির্মাণকাজ চলছে। কিন্তু কম লোকবলের কারণে কাজ যে গতিতে হওয়ার কথা তা হচ্ছে না। এখন পর্যন্ত মাত্র ৩০-৩৫ শতাংশের মতো কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে পদ্মায় পানি বাড়া অব্যাহত থাকায় সোমবার দুপুরে ৩ নম্বর ঘাটের র্যাম্প তলিয়ে গেলে ঘাটটি বন্ধ করে দিতে হয়েছে। পানি বাড়া অব্যাহত থাকলে বর্ষায় ৩ ও ৪ নম্বর ঘাট রক্ষা করা সম্ভব হবে না। এখন নতুন দুটি ঘাট চালু করা না গেলে এবং ৩ ও ৪ নম্বর ঘাট ভাঙনের কারণে বন্ধ হয়ে গেলে ঈদে ঘরমুখী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে।
ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম রুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট। প্রতিদিন প্রায় ২০ হাজার যাত্রী ও ১০ হাজার ছোট-বড় যানবাহন এই ঘাট ব্যবহার করে। ঈদের সময় এ সংখ্যা দ্বিগুণ হয়।
প্রথম আলোর খবর অনুযায়ী, এখন মাত্র সাতজন শ্রমিক দুটি ঘাটের সড়ক নির্মাণ করছেন। তাঁরা বলেছেন, যেভাবে কাজ চলছে, তাতে কাজ শেষ হতে ঈদের পর আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে ঈদের আগেই যাতে নতুন দুটি ঘাটের নির্মাণকাজ শেষ হয়, সে জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।