রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষমাণ যানবাহনের সারি দীর্ঘ হয়; কখনো কখনো বেশ দীর্ঘ। তিন-চার কিলোমিটার দীর্ঘ সারি নৈমিত্তিক দৃশ্য। ফলে ফেরি পারাপারে অনেক সময় নষ্ট হয়। পণ্য পরিবহনকারী কিংবা যাত্রীসাধারণ সবার জন্যই এ এক হতাশাব্যঞ্জক নিরুপায় পরিস্থিতি। তবে যাঁরা আগেভাগে ফেরি পার হতে চান, তাঁদের জন্য যে একেবারেই কোনো উপায় নেই, তা কিন্তু নয়। উপায় একটা আছে, বাড়তি কিছু টাকা খরচ করা। কথায় বলে, টাকায় বাঘের দুধও মেলে।
হ্যাঁ, আপনি যদি যানবাহনের সারিতে অপেক্ষমাণ আপনার সামনের যানগুলোর আগে আপনার যানটিকে ফেরিতে তুলতে চান, তাহলে আপনাকে কমপক্ষে হাজার দেড়েক টাকা খরচ করতে হবে। অবশ্য আপনার কপাল খারাপ হলে, অর্থাৎ যানবাহনের সারি বেশি দীর্ঘ হয়ে যানজট লেগে গেলে আপনার খরচ বেড়ে যেতে পারে দ্বিগুণ। এই টাকা আপনি দেবেন দালালদের হাতে। তাঁরা আপনার যানটিকে অপেক্ষমাণ অন্য যানবাহনের সারি থেকে বের হয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন; দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা আপনার যানটির লাইন ভেঙে আগে যাওয়ার দৃশ্যটি দেখেও না দেখার ভান করবেন। আপনি যেসব যানবাহনকে অন্যায়ভাবে টপকে সামনে চলে যাবেন, তারাও আপনাকে বাধা দেওয়ার সাহস করবে না। কারণ, তারা ধরে নেবে আপনি টাকার বিনিময়ে তাদের টপকে যাওয়ার ‘অধিকার’ লাভ করেছেন। বাধা দিলে তারা সমস্যায় পড়তে পারে, কারণ সাধারণভাবে তাদের জানা আছে, দৌলতদিয়া ফেরিঘাটে টাকার বিনিময়ে এ সুযোগ যাঁরা করে দেন, তাঁরা স্থানীয়ভাবে দাপুটে লোকজন; তাঁদের রাজনৈতিক ‘খুঁটির জোর’ আছে, স্থানীয় ট্রাফিক পুলিশের মদদও আছে। এমনকি স্থানীয় সংবাদকর্মীদেরও কেউ কেউ এ প্রক্রিয়ার সঙ্গে আছেন বলে অভিযোগ রয়েছে।
এসব পক্ষ মিলে দৌলতদিয়া ফেরিঘাটে যে একটি চক্র গড়ে তুলেছে, তাদের দৌরাত্ম্যের কিছু বিবরণ গতকাল রোববারের প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। ওই পথে নিয়মিত চলাচলকারী এক ট্রাকচালক আমাদের প্রতিনিধিকে বলেছেন, ‘গাড়ি লাইন থেকে বের করতে দালালকে কমপক্ষে দেড় হাজার টাকা দিতে হয়। পুলিশকে ভাগ না দিলে দালালের পক্ষে কি গাড়ি বের করা সম্ভব?’ আরেক ট্রাকচালক সাক্ষ্য দিয়েছেন, গত বুধবার চুয়াডাঙ্গা থেকে রাত দুইটায় দৌলতদিয়া ঘাটে পৌঁছে যানজট থাকায় তিনি দালালকে তিন হাজার টাকা দিয়ে আগে ঘাট পার হওয়ার সুযোগ নিয়েছেন।
দৌলতদিয়া ফেরিঘাটে এসব অনিয়ম বন্ধ করা জরুরি। সে জন্য স্থানীয় রাজনৈতিক নেতারা ও ট্রাফিক পুলিশের জবাবদিহির ব্যবস্থা করতে হবে।