ফৌজদারি আইনে বিচার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পয়লা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছনা, ছিনতাই ও প্রহারের দায়ে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে—এই খবর স্বস্তিদায়ক। কিন্তু এটাই যথেষ্ট নয়; যেহেতু তাঁরা ফৌজদারি অপরাধ করেছেন, তাই তাঁদের আইনানুগভাবে বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো অপরাধ সংঘটিত হলে সাধারণত তার বিচার হয় না। অপরাধকারীরা যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের নেতা-কর্মী হন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় না। অনেক সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয়ে তাঁরা নানা ধরনের অন্যায়-অপকর্মে লিপ্ত হন। এ রকম বিচারহীনতার পরিবেশের কারণে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অপরাধপ্রবণতা ব্যাপক। এসব বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক ব্যতিক্রম। অভিযুক্ত ছাত্রদের বাঁচাতে ছাত্রলীগের চেষ্টা চোখে পড়েনি, এটাও একটা ভালো দৃষ্টান্ত।
অভিযুক্ত ওই পাঁচ তরুণ যে অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হলেন, প্রচলিত ফৌজদারি আইনে সেটির আসল বিচার এখনো বাকি রয়ে গেছে। লাঞ্ছিত-প্রহৃত ও ছিনতাইয়ের শিকার আদিবাসী ছাত্রীটি অপরাধীদের বিচার চেয়ে মামলার সাহস পাননি, বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে সাধারণত যা হয়ে থাকে। কিন্তু তাঁর ওপর যে নারকীয় অপরাধ ওই পাঁচ তরুণ করেছেন, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মধ্য দিয়েই তার শাস্তি শেষ হয়ে যায় না। নারী নির্যাতনবিরোধী আইনের ধারায় পুলিশের উচিত হবে অনতিবিলম্বে মামলা দায়ের করা এবং গ্রেপ্তার করে তাঁদের বিচারের আওতায় আনা। দেশব্যাপী নারী নির্যাতন বেড়ে যাওয়ার উদ্বেগজনক প্রেক্ষাপটে ওই বিপথগামী তরুণদের বিচার ও শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে জনপ্রশাসন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। নারীর প্রতি সহিংসতার ব্যাপক বিস্তৃতির বিপরীতে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি হতাশাব্যঞ্জক। এ থেকে বেরিয়ে আসার জন্য এ রকম অপরাধের দ্রুত ও কার্যকর বিচারই জনমনে স্বস্তি ও সামাজিক নিরাপত্তাবোধ জাগ্রত করতে সহায়ক হতে পারে।