ফৌজদারি আইন সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং সরকার কার স্বার্থে আইন প্রণয়ন করছে, তা বোঝা কঠিন হয়ে উঠছে। বিতর্কিত সন্ত্রাস দমন আইনের পর ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। দৃশ্যত সংশোধনীটিকে মিষ্টির মধ্যে বিষের পুরিয়া বলেই মনে হয়। অনেক গুরুতর অপরাধকে আপসের নামে ছাড় দেওয়া এবং জেলায় জেলায় ‘মধ্যস্থতাকারী’ নামে হয়রানি ও দুর্নীতির নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা বহন করে এই আইন। বিষয়টি নিয়ে আইন-বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের সজাগ হওয়ার দরকার রয়েছে।মামুলি অপরাধ, বাদ-বিসংবাদ, পারিবারিক ও দাম্পত্য বিরোধের মতো সাধারণ অপরাধে আপস মীমাংসার সুযোগ আছে। এর বাইরে ব্যাপক পরিসরে ‘মধ্যস্থতাকারীর’ মাধ্যমে আপস-মীমাংসার বন্দোবস্ত করার উদ্দেশ্য কী হতে পারে? আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলার জট কমাতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আদালতে জট তৈরির কারণ ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি না হওয়া, পুলিশ বা তদন্তকারী সংস্থা কর্তৃক মামলার তদন্তে গড়িমসি করা, আদালতের লোকবল কম থাকা, রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতির বাধাসহ বিচারব্যবস্থা ও প্রশাসনের প্রাতিষ্ঠানিক অদক্ষতা। যত দিন না পুলিশ সৎ ও দক্ষ হচ্ছে, আদালত গতিশীল ও লোকবলসমৃদ্ধ না হচ্ছে, বিচারব্যবস্থাকে দুর্নীতি ও দলীয়করণমুক্ত করা না যাচ্ছে, তত দিন এসব সমস্যার বিহিত করা কঠিন।তবে এটা ঠিক, ছোটখাটো অনেক অপরাধে মীমাংসার সুযোগ থাকা উচিত; তাতে সবারই সময় ও অর্থের অপচয় কমে। কিন্তু ডাকাতি বা অবহেলাজনিত মৃত্যু, হত্যার ভয় দেখিয়ে চাঁদাবাজি, হত্যার উদ্দেশ্যে জখম করার মতো ঘটনায় মীমাংসার অর্থ হলো সবল পক্ষের অর্থ বা প্রতিপত্তির কাছে দুর্বলের নতি স্বীকার। তা ছাড়া ‘মধ্যস্থতাকারী’ হিসেবে যাদের নিযুক্ত করা হবে, তারা যে অর্থ ও ক্ষমতার বশ হবে না, তার নিশ্চয়তা কী? আইন সংস্কারের নামে আইনের মোড়কে আইনবহির্ভূত পন্থায় একচেটিয়া ক্ষমতা সৃষ্টি করার প্রয়াস বিচারপ্রার্থীদের ভুল বার্তা দেবে। আইন ও বিচারব্যবস্থাকে দক্ষ ও সমৃদ্ধ করা এবং পুলিশকে রাজনীতির ঊর্ধ্বে রাখাই এখানে সমাধান।