বই ও প্রকাশকদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অতীত-বিশারদ ও ইতিহাসসজ্ঞান মানুষের সংখ্যা বিপুল। রাজনীতির ধুলা যত উড়বে, এই সংখ্যা তত বাড়বে। তবে যে জাতি তার রাজনৈতিক ইতিহাস দুমড়েমুচড়ে দলা পাকিয়ে ৪০-৪৫ বছরের সময়সীমার মধ্যে আটকে রাখতে পারে, তার সাংস্কৃতিক ইতিহাস যে খুব দীর্ঘ হবে না—তাতে সন্দেহ কী? এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমাদের এক দেশহিতৈষী প্রকাশক একদিন এক সাংবাদিক বা সাংস্কৃতিক কর্মীকে গর্ব করে বলছিলেন, স্বাধীনতার আগে আমাদের প্রকাশনাশিল্প বলে কিছু ছিল না। একাত্তরের পরই বাংলাদেশে প্রকাশনাশিল্প গড়ে ওঠে।বাংলাদেশের প্রধান প্রকাশক প্রায় সবার সঙ্গেই আমার পরিচয় থাকলেও বক্তাকে আমি চিনি না। তাঁর প্রকাশনাপ্রতিষ্ঠান সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। দেশের প্রতিনিধিত্ব করতে কলকাতা পুস্তক মেলায় অংশগ্রহণ করতে গেছেন। তাঁর অদূরেই ভিড়ের মধ্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও আমি দাঁড়িয়ে ছিলাম। তথ্য হিসেবে তাঁর কথাটা আমার কানে ভালো ঠেকেনি। বক্তব্য হিসেবেও নয়। কারণ, আগ বাড়িয়ে নিজেদের দীর্ণতা প্রকাশ করার প্রয়োজন ছিল না। শ্রোতা জানতে চাননি আমাদের অর্থাৎ পূর্ববাংলার বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক দারিদ্র্যের কথা। আমার অসন্তোষের প্রধান কারণ তাঁর ওই বক্তব্য ও তথ্য সত্য নয়। অবশ্য এ কথাও ঠিক যে এখন শুধু একুশের বইমেলার সময় যত বই প্রকাশিত হয়, স্বাধীনতার আগে চার-পাঁচ বছরেও অত বই বের হতো না। বহু ব্যাপারেই বাংলাদেশের মানুষের অতীত অগৌরবের নয়। বিশেষ করে শিল্প-সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য খুবই সমৃদ্ধ। সংস্কৃতির একটি প্রধান উপাদান সাহিত্য। সাহিত্যের পাত্র হলো বই। বইয়ের আধারে সাহিত্য পরিবেশিত হয়। বই লেখেন লেখক। প্রথম তা থাকে লেখকের কাছে। পাণ্ডুলিপি আকারে। মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগে হাতে কপি করে বই প্রকাশিত হতো। ধর্মগ্রন্থগুলোও সেইভাবে প্রচারিত হয়েছে। ওভাবে বই যেত খুব সীমিত পাঠকের কাছে। মুদ্রণযন্ত্র চালুর পর একসঙ্গে বইয়ের বহু পাঠকের কাছে যাওয়ার ব্যবস্থা হয়। বই একটি পণ্যও বটে। যেকোনো পণ্যই ব্যবসা-বাণিজ্যের বস্তু। বইকে বহুসংখ্যক পাঠকের কাছে পৌঁছে দেন প্রকাশক। তিনি বইয়ের ব্যবসায়ীও বটে। লেখক ও প্রকাশকের মধ্যে যে সম্পর্ক তা শুধু বৈষয়িক নয়। লেখক-প্রকাশকের সম্পর্ক আত্মীয়তার বা বন্ধুত্বের। কোনো জাতির সাংস্কৃতিক অগ্রগতিতে ভালো প্রকাশকের অবদান বিরাট। ছাপাখানা, বাঁধাইখানা ও প্রকাশনার সঙ্গে আমার পরিচয় অতি শৈশবে। যেসব জিনিসের ঘ্রাণ এখনো আমাকে বিশেষ আকর্ষণ করে, তার মধ্যে রয়েছে সেকালের ছাপাখানার কালি, টাইপ ও মেশিনের গন্ধ, নতুন কাগজের গন্ধ, বিশেষ করে বাঁধাই করার পর নতুন বইয়ের যে ঘ্রাণ। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের অনেক অভ্যাস বর্জিত হয়। বার্ধক্য যে শরীরকে কাহিল করে তা-ই নয়, তা মনটাকেও শুকিয়ে নীরস করে দেয়। আগে কাঁচা বাঁধাই করা অথবা কোনো নতুন বই হাতে পেলে মুখের কাছে নিয়ে শুঁকে দেখতাম। এখন তা করি না। তবু অবচেতনায় কখনো করা হয়। আমাদের গ্রামের, এলাকার এবং আত্মীয়স্বজনের অনেকেই কলকাতায় ও ঢাকায় মুদ্রণ ও প্রকাশনাশিল্পের ব্যবসায়ী ছিলেন। তাঁদের দেখেছি জন্মের পর থেকে। তা ছাড়া মুদ্রণ ও প্রকাশনাশিল্পের শ্রমিক ছিলেন আমাদের গ্রামে অনেকে। শৈশবে তাঁদের থেকে জানতাম ওই শিল্প সম্পর্কে। তারপর ১৯৫২ সালে ঢাকায় এসে মুদ্রণ ও প্রকাশনার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ঘটে। বহু লেখক, ছাপাখানার মালিক ও প্রকাশক ছিলেন আমার বাবার বন্ধু। আব্বার সঙ্গে গিয়ে তাঁদের সঙ্গে আমারও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ছোটবেলাতেই।বর্তমানে আমাদের দেশে বিশিষ্ট প্রকাশক যাঁরা, তাঁরা বাংলাদেশের চতুর্থ প্রজন্মের প্রকাশক। তাঁদের আগে অন্তত আরও তিনটি প্রজন্ম ছিলেন। পূর্ববাংলার প্রকাশনাশিল্পের বয়স দেড় শ বছরের—চার দশকের নয়। ঢাকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় এবং সাহিত্যের বই প্রকাশ শুরু হয় সিপাহি বিদ্রোহের সময়। ১৮৬০ সালে হরিশচন্দ্র মিত্র (১৮৩৮-১৮৭২) ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্যপত্র তাঁর সম্পাদিত কবিতা কুসুমাবলী প্রকাশ করেন। ১৮৬৩ সালে তিনি ‘সুলভ মুদ্রাযন্ত্র’ নামে ছাপাখানা এবং ‘মিত্র প্রকাশ’ নামে প্রকাশনী প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি শুধু কবি ও লেখক ছিলেন না, ঢাকার প্রথম পেশাদার প্রকাশক। মিত্র প্রকাশ থেকে তিনি তাঁর নিজের কুড়িটির মতো ছোট-বড় বই প্রকাশ করেন। প্রতিষ্ঠার প্রথম ১০ বছরে মিত্র প্রকাশ থেকে ৪০টির মতো বই ও পুস্তিকা প্রকাশিত হয়। এই হিসাবে এবার ঢাকার প্রকাশনাশিল্পের সার্ধশতবর্ষ। আমি বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি এবং সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির কর্তা ও নেতাদের অনুরোধ করব, তাঁরা যেন আলাদা আলাদাভাবে অথবা যৌথভাবে উপলক্ষটি উদ্যাপন করেন। কোনো জাতির প্রকাশনাশিল্পের ১৫০ বছরের ইতিহাস কম গৌরবের নয়। থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার এই ঐতিহ্য নেই। আমি আমাদের প্রকাশনাশিল্পের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে দেখেছি, দেড় শ বছরে আমাদের অর্জন অল্প নয়। আমি আমাদের প্রকাশনাশিল্পের পর্যায়গুলোকে ভাগ করেছি এভাবে: এক. ১৮৬০ থেকে ১৯০৪ পর্যন্ত প্রাথমিক পর্যায়; দুই. ১৯০৫ থেকে ১৯৪৭ দ্বিতীয় পর্যায়; তিন. ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত তৃতীয় পর্যায়; এবং ১৯৭২ থেকে চতুর্থ ও বর্তমান পর্যায়। কথা বলে দেখেছি বইমেলার বইপ্রেমীরা বর্তমান প্রজন্ম সম্পর্কেই অবহিত, পূর্ববর্তী তিনটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। অনেকের আছে ভুল ধারণা। আমার সৌভাগ্য যে কয়েকটি খ্যাতিমান প্রকাশনা সংস্থা আমার বইপত্র প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছে: নওরোজ কিতাবিস্তান, স্টুডেন্ট ওয়েজ, বাংলা একাডেমী, সাহিত্য প্রকাশ, আহমদ পাবলিশিং হাউস, মাওলা ব্রাদার্স, মুক্তধারা, হাক্কানী পাবলিশার্স, পরমা, সূচীপত্র, প্রথমা প্রকাশন প্রভৃতি। আমার প্রকাশক নন, এমন অনেক বড় প্রকাশকের সঙ্গেও আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কলকাতায় আমার বইয়ের প্রকাশক নয়া উদ্যোগ। বাংলাদেশের তৃতীয় প্রজন্মের অর্থাৎ পঞ্চাশ ও ষাটের দশকের শ্রদ্ধেয় প্রকাশকদের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মেছিল। জীবনে প্রথম যে প্রকাশকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসি তাঁর নাম অনিল চন্দ্র ঘোষ। তিনি ছিলেন আমাদের এলাকার মানুষ এবং আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তাঁর প্রকাশনীর নাম ছিল ‘প্রেসিডেন্সী লাইব্রেরী’। বাংলাবাজারে সেকালের ওই লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর বাবা জগদীশ চন্দ্র ঘোষ তিরিশের দশকের শুরুতে। প্রেসিডেন্সি লাইব্রেরির কলকাতা কলেজ স্ট্রিট এলাকায়ও একটি শাখা ছিল। কিন্তু মূল লাইব্রেরি ছিল ঢাকায়। অনিল ঘোষ শুধু একজন প্রকাশক ছিলেন না, তিনি ছিলেন লেখক ও স্বাধীনতাসংগ্রামী। তিনি ছিলেন একজন গান্ধীবাদী। তিরিশ ও চল্লিশের দশকে তিনি বহুবার কারাবরণ করেন। তাঁর কাছে শৈশবে তাঁর সংগ্রামী জীবনের কাহিনি শুনেছি। তাঁর লেখা বইয়ের সংখ্যা বহু। তাঁর সব বই তিনি আমার বাবাকে উপহার দিতেন। অনিলবাবু ছিলেন একজন নিখাদ বাঙালি জাতীয়তাবাদী। যেমন তাঁর বইগুলোর নাম: বীরত্বে বাঙালী, ব্যায়ামে বাঙালী, বিজ্ঞানে বাঙালী, বাংলার ঋষি, বাংলার মনীষী, বাংলার বিদুষী, রাজর্ষি রামমোহন, যুগাচার্য বিবেকানন্দ, আচার্য জগদীশ, আচার্য প্রফুল্লচন্দ্র প্রভৃতি। রবীন্দ্রনাথ, ইকবাল ও নজরুলের জীবনীও তিনি লিখেছেন। পূর্ব বাংলার প্রকাশনাশিল্পের ১৫০ বছরে, বিশেষ করে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উপলক্ষে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে অনিল চন্দ্র ঘোষকে একটি ঐতিহাসিক কারণে স্মরণ করছি। প্রতিকূল পরিবেশে ১৯৬১তে রবীন্দ্রনাথের জন্মশর্তবর্ষ উদ্যাপন করে এ দেশের মানুষ। বিখ্যাত কবি-লেখক-শিল্পী অনেকের ভূমিকাই প্রাঞ্জল নয়। সেদিন শতবর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথ শীর্ষক প্রথম বইটির লেখক ও প্রকাশক ছিলেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর কলকাতা থেকে তাঁদের ব্যবসা গুটিয়ে অনেক বাঙালি মুসলমান ঢাকায় এসে প্রকাশনাশিল্প প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে দুই বন্ধু বিশেষভাবে স্মরণীয়। তাঁরা হলেন মোহাম্মদ নাসির আলী ও আয়নুল হক খান। তাঁদের বিখ্যাত প্রতিষ্ঠান নওরোজ কিতাবিস্তান শরিকদের মধ্যে ভাগাভাগি হয়ে এখনো টিকে আছে। নাসির আলী সাহেব আমাকে খুবই স্নেহ করতেন। তাঁর মেয়ে ডলি, আসল নাম সালমা নাসির, ছিল আমার বন্ধু। আইনুল হক সাহেবের ছেলে প্রয়াত আবদুল কাদির খান ছিলেন আমার প্রকাশক। পঞ্চাশ ও ষাটের দশকে নওরোজ বহু মূল্যবান সাহিত্যের বই প্রকাশ করে। নওরোজ থেকে বই প্রকাশ ছিল সেকালে মর্যাদার ব্যাপার। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কবিতা সুচয়নী প্রভৃতি, কাজী আবদুল অদুদের নদীবক্ষে, আবু ইসহাকের সূর্যদীঘল বাড়ী, আলাউদ্দীন আল আজাদের তেইশ নম্বর তৈলচিত্র, মুহম্মদ আবদুল হাইয়ের বিলেতে সাড়ে সাতশ দিন, আবদুল গাফ্ফার চৌধুুরীর নাম না জানা ভোর, আবুল ফজলের জীবন পথের যাত্রী প্রভৃতি আমি নওরোজ থেকেই কিনেছিলাম পঞ্চাশের দশকে। নাসির আলী ছিলেন একজন বিশিষ্ট শিশুতোষ লেখক। তাঁর মৃত্যুর পরে আমি শোকসভার আয়োজন করেছিলাম। নজরুলের স্নেহধন্য কবি খান মোহাম্মদ মঈনুদ্দীন সাতচল্লিশের পরে ঢাকায় এসে বাংলাবাজারে স্থাপন করেন ‘আলহামরা লাইব্রেরী’। তিনিও খুবই স্নেহ করতেন। আব্বার সঙ্গে তাঁর ছোট্ট দোকানে এবং বাংলাবাজারের পেছনে রূপচাঁদ লেনে তাঁর বাড়িতে যেতাম। তাঁর নিজের বই ছাড়া আরও অনেক বই তিনি প্রকাশ করেন। লোকসাহিত্য সংগ্রাহক মুহম্মদ মনসুরউদ্দিনের শান্তিনগরে ছিল হাসি প্রকাশালয়। সেখান থেকে প্রকাশিত হয়েছিল বহু বই। যাতায়াত ছিল তাঁর শান্তিনগরের বাড়িতে ও দোকানে। ষাটের দশক নাগাদ ঢাকার প্রকাশনা জগৎ খুবই সাবলীল হয়ে ওঠে। বহু প্রেসে স্থাপিত হয় আধুনিক লাইনো ও মনোমেশিন। ছাপার মান হয় উন্নত। কাইয়ুম চৌধুরীসহ আমাদের বিশিষ্ট চিত্রশিল্পীরা আধুনিক লেখকদের বইয়ের প্রচ্ছদ এঁকে দিয়েছেন। সেসব প্রচ্ছদকে শিল্পকর্ম বলা চলে। অসামান্য কাজ। এখনকার কম্পিউটারে পনেরো মিনিটে আঁকা প্রচ্ছদপট নয়। পাকিস্তানের মিলের কাগজও ছিল উন্নত মানের। সেকালে বইয়ের বাঁধাই হতো খুবই মজবুত। বইয়ের দাম রাখা হতো মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে। একট মানসম্পন্ন বইয়ের দাম হতো দুই-তিন টাকা। খুব মোটা বই পাঁচ-ছয় টাকা। সৃজনশীল প্রকাশকদের মধ্যে উন্নত মানের প্রতিষ্ঠানগুলো ছিল: ইস্টবেঙ্গল পাবলিশার্স, স্ট্যান্ডার্ড পাবলিশার্স, কোহিনুর লাইব্রেরী, পাকিস্তান বুক করপোরেশন, আইডিয়েল পাবলিকেশন্স, পপুলার পাবলিকেশন্স, আদিল ব্রাদার্স, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, লিয়াকত পাবলিশিং পপুলার পাবলিকেশন্স, আহমদ পাবলিশিং হাউস, ইসলামিয়া লাইব্রেরী, ওসমানিয়া বুক ডিপো, মখদুমী অ্যান্ড আহসানউল্লাহ লাইব্রেরী, প্যারাডাইস লাইব্রেরী, মাওলা ব্রাদার্স, প্রভিন্সিয়াল বুক ডিপো, বইঘর (চট্টগ্রাম), ঝিনুক প্রকাশনী প্রভৃতি। লেখক কাজী আফসারউদ্দিন আহমদের ছিল মৃত্তিকা সাহিত্য সদন নামে একটি প্রকাশনী। সেকালে ইসলামপন্থী প্রকাশনা প্রতিষ্ঠানও ছিল অনেকগুলো। যেমন মোহাম্মদী বুক হাউস, সোবহানিয়া লাইব্রেরী প্রভৃতি। ষাটের দশকের শুরুতে নতুন কয়েকটি প্রকাশনী দেখা দেয়। তাদের মধ্যে শ্রাবণী, কপোতাক্ষী, কথা প্রকাশ, কথা বিতান, পুঁথিপত্র প্রকাশনী প্রভৃতি উল্লেখযোগ্য। এর মধ্যে বাংলা একাডেমী হয়ে ওঠে একটি বড় প্রকাশনী সংস্থা। শুধু ঢাকা নয়, স্বাধীনতার আগে বই প্রকাশিত হয়েছে চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ প্রভৃতি জেলা শহর থেকেও। এসব শহরে শতাব্দীর শুরু থেকেই বই প্রকাশিত হতো।আজ আমাদের একুশের বইমেলায় বহু লেখক ও প্রকাশকের সমাগম হচ্ছে। প্রাণবন্ত হয়ে উঠেছে বইয়ের বাজার। তৈরি হয়েছে বিপুল পাঠক। উন্নত মানের প্রকাশনী সংস্থার সংখ্যাও বহু। আজকের এই পর্যায়ে পৌঁছাতে দেড় শ বছর ধরে রাস্তাটি তৈরি করেছেন যাঁরা, তাঁদের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।