একটি অনলাইন সংবাদে জানা গেল, এবারের বইমেলায় রাহুল সাংকৃত্যায়নের লেখা বই নাকি ভালো বিক্রি হয়েছে। দেশে তাঁর বইগুলোর চাহিদাও নাকি বেড়ে গেছে। একজন পরিপূর্ণ মানুষ ছিলেন রাহুল সাংকৃত্যায়ন। ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বিষয়ে তিনি একজন মহাপণ্ডিত। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমরা যা জানি, তা তাঁর ছিল না। মনীষীদের মতোই তিনি ছিলেন স্বশিক্ষিত মানুষ। তাঁর পিতৃপ্রদত্ত নাম ছিল রাম উদার। শৈশবে মাদ্রাসা টোলে পড়ে বাড়িপালানো দিয়ে শুরু করেন তিনি পৃথিবীর পাঠ। তিব্বতময় সমগ্র ভারতবর্ষ প্রায় হেঁটেই বেড়িয়েছেন। শ্রীলঙ্কা দিয়ে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে রাশিয়া, ইরান হয়ে আবার ভারতে এসেছেন। উদ্দেশ্য ছিল মানুষ চেনা। সেই মানুষের বিশ্বাস ও বিশ্বাসের কারণ অনুসন্ধান করা। তিনি বহু ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। আরবি ভাষাও এর বাইরে ছিল না। ইসলাম, হিন্দু, বৌদ্ধধর্ম-দর্শন নিয়ে লেখা তাঁর বইগুলো থেকে ‘কী’, ‘কেন’ এবং ‘কীভাবে?’—এই প্রশ্নগুলো সহজভাবে অনুধাবন করা যায়। ব্যক্তিগত বিশ্বাসে তিনি নাস্তিক্যবাদী হয়ে যান। রাজনৈতিক বিশ্বাসে মার্ক্সবাদকে তিনি শ্রেয় মনে করতেন। আমাদের দেশে যখন নীতিনৈতিকতার স্থানে আচারসর্বস্ব বিশ্বাস প্রবল আকার নিয়েছে, মনোজগতে এ বিশ্বাসের ঝলমলে ইহজগত ও অদেখা অজানা পারলৌকিক সুখাকাঙ্ক্ষা প্রবলভাবে নাড়া দিচ্ছে; তখন রাহুল সাংকৃত্যায়নের পাঠক চাহিদা বৃদ্ধি পাওয়ার বিষয়টি যথেষ্ট ভাবনার অবকাশ রাখছে বৈকি। এ প্রজন্মের ছেলেমেয়েদের যদি সত্যি রাহুল সাংকৃত্যায়ন বা আহমদ শরিফে আগ্রহ বাড়ে, তবে নিঃসন্দেহে বাঙালি জাতির তা একটি বড় উল্লম্ফন।আনিস উল হকআইনজীবী সমিতি, নীলফামারী।