গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে গিয়েছিলেন আদালতে হাজিরা দিতে। সেখানে বিএনপি ও ছাত্রদলের কর্মীদের জমায়েত করার কারণই ছিল না। অন্যদিকে ছাত্রদলের জমায়েতে আগ্নেয়াস্ত্র
নিয়ে ছাত্রলীগের কর্মীরা চড়াও হয়েছেন। গতকাল যে ছবি প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তাতে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ছাত্রলীগ কি একটি সশস্ত্র সংগঠন? কেবল প্রতিপক্ষকে ঘায়েল নয়, নিজেদের মধ্যে মারামারিতেও ছাত্রলীগের কর্মীরা হরহামেশা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকেন। ছাত্রদলও কম যায় না। তারা ছাত্রলীগের আক্রমণের জবাব দিয়েছে সরকারদলীয় এক সাংসদের মাথা ফাটিয়ে এবং তাঁর গাড়ি পুড়িয়ে।
আদালতে খালেদা, বাইরে মারপিটবকশীবাজারে বিবদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাত আগামী দিনের রাজনৈতিক দুর্যোগেরই অশনিসংকেত। আমরা এসব সহিংস তৎপরতার নিন্দা জানাই। দৃশ্যত ও কার্যত ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তি সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি রণসাজে সজ্জিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক পক্ষ অপর পক্ষকে দেখে নেওয়ার এবং দেখিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
আগামীকাল গাজীপুরে বিএনপির জনসভাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে স্থানীয় ছাত্রলীগ। তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদেই এ ঘোষণা। বিএনপির এই নেতা বিদেশে বসে যেসব বক্তৃতা–বিবৃতি দিচ্ছেন, তা সন্দেহাতীতভাবে উসকানিমূলক। আবার ছাত্রলীগের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে ‘গণধোলাই’ কিংবা ‘নেড়ি কুত্তার মতো’ পেটানোর ঘোষণা কী ধরনের শিষ্টাচার?
বিচারের বিষয়টি পুরোপুরি আদালতের এখতিয়ার। একে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করা যাবে না। আইনি লড়াইয়ের মাধ্যমেই এর প্রতিকার খুঁজতে হবে। অতীতে সহিংসতা ও বলপ্রয়োগের মাধ্যমে ‘রাজনীতি করা’র পরিণতি কারও জন্য সুখকর হয়নি। লাঠি বা পিস্তল যার হাতকেই শক্তিশালী করুক, তা জনগণের মধ্যে ভীতি ও অনাস্থার জন্ম দিচ্ছে। নেতা-নেত্রীদের সহিংস ও ‘মাস্তানি’ ভাষা ও আচরণে তাঁরা যদিওবা লজ্জা পান না, কিন্তু দেশবাসী এতে শঙ্কিত ও লজ্জিত।