বকেয়া বিদ্যুৎ বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ যতটাই প্রয়োজন, ততটাই জরুরি এর বিল পরিশোধ করা। অথচ ১১ বছর ধরে বিদ্যুতের বিল দেয় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ঢাকা দক্ষিণের নগর ভবনের বিলও বাকি রয়েছে দুই বছর যাবৎ। প্রতিষ্ঠান দুটি গুরুত্বে ও মর্যাদায় অনেক ওপরে হলেও, কাজের বেলায় তাদের এই দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না।
গতকাল সোমবারের প্রথম আলোয় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, আইনজীবী সমিতির বকেয়া বিলের পরিমাণ ২ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার এবং নগর ভবনের বকেয়া ২ কোটি ৪৫ লাখ টাকা। এ বিপুল পরিমাণ অর্থ পরিশোধ না করেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠান দুটি। আইনজীবীরা বিচারকাজের অংশ, সুতরাং আইনজীবী সমিতির সমাজে অনুকরণীয়ই হওয়ার কথা। সিটি করপোরেশন নগরবাসীদের থেকে নিয়মিতভাবে বিভিন্ন কর ও ফি আদায় করে থাকে। অথচ তারাই কিনা বিল বকেয়া রেখে এমন দৃষ্টান্ত সৃষ্টি করেছে, যা প্রতিষ্ঠানটির প্রতি নগরবাসীর অনাস্থা আরও বাড়িয়ে দেবে।
১১ বছর ধরে বিদ্যুৎ বিল দেয় না সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সরকারি সেবা প্রতিষ্ঠান। বিভিন্নভাবেই বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান কারসাজি করে বিদ্যুতের বিল কমায় কিংবা বকেয়া রাখে। সেই কাজ সরকারি প্রতিষ্ঠান অথবা আদালতসংশ্লিষ্টরা করলে হতাশই হতে হয়। এসব বকেয়া ও অনাদায়ি বিলের খেসারত দিতে হয় রাষ্ট্রীয় তহবিল থেকে এবং বঞ্চিত হয় জনগণ। আমরা আশা করব, ডিপিডিসির নির্ধারিত তারিখের মধ্যে বিল পরিশোধ করবে তারা। প্রয়োজনে কিস্তির সুযোগ করে দেওয়াও যেতে পারে।
অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের যোগসাজশেও এসব হয়। বিদ্যুৎ খাতকে সবল করতে হলে এসব ফাঁকি ও প্রতারণার পথ বন্ধ করে দিতে হবে। ডিপিডিসি যেভাবে বড় দুটি প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার প্রচেষ্টা নিয়েছে, প্রতিটি ক্ষেত্রে এমন উদ্যোগ শুধু প্রয়োজনই নয়, জরুরিও বটে।