বখাটেদের দৌরাত্ম্য কি থামবে না?
গত কয়েক দশকে বাংলাদেশে যে সামাজিক ব্যাধিটি চরম আকার করেছে, তা হচ্ছে বখাটেপনা। বর্তমানে দেশে বখাটেদের দৌরাত্ম্য যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা প্রতিনিয়ত গণমাধ্যমে তাদের উৎপাতের খবরেই বোঝা যায়। সোমবার প্রথম আলোয় প্রকাশিত বরিশালে বখাটের ক্ষুরের আঘাতে এক কলেজছাত্রীর জখম হওয়ার খবরটি তেমনই একটি উদাহরণ। অশালীন প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ধারালো ক্ষুর দিয়ে কপাল থেকে ঠোঁটের নিচ পর্যন্ত চিরে দিয়েছে ওই বখাটে। কী ভয়াবহ ব্যাপার!
গত সপ্তাহে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজিফা আকতার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। একই সময়ে বখাটেদের হাতে বাবাকে মার খেতে দেখে আত্মহত্যা করেছে খুলনা নগরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী শামসুন নাহার। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীকে খুন করে এক বখাটে। শহরে, মফস্বলে বা পাড়া-মহল্লায় এমন আরও অসংখ্য ঘটনা প্রতিদিনই ঘটে, যেগুলো গণমাধ্যমে আসে না। অনেকে ভয়ে প্রতিবাদ করে না। প্রতিবাদ করলে বখাটেদের সহিংস হয়ে ওঠার অসংখ্য নজির আছে। দেখা যাচ্ছে খুনখারাবি করতে তাদের হাত একটুও কাঁপছে না।
বখাটেপনার সাম্প্রতিক একটি ধারা বিপজ্জনকভাবে বেড়েই চলেছে। দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে বখাটেরা তাদের অপকর্মের ভিডিও তুলে দিচ্ছে। কোনো মেয়েকে উত্ত্যক্ত করার দৃশ্য ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার পেছনে যে মনমানসিকতা কাজ করে, তা হচ্ছে মেয়েটিকে সামাজিকভাবে আরও হেনস্তা করা। বখাটেপনার এই দৌরাত্ম্য দূর করতে হলে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই। ঢাকা মহানগর পুলিশ আইনের ৭৬ ধারা অনুযায়ী বখাটেপনার শাস্তি এক বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ নম্বর ধারায় যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির শাস্তি ১০ বছরের কারাদণ্ড। কিন্তু এসব আইনের প্রয়োগ নেই বললেই চলে।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, বখাটেরা এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সন্তান। এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করার সাহস অনেকে পান না। আবার অভিযোগ করলেও হুমকি কিংবা প্রশাসনের অসহযোগিতার কারণে অভিভাবকেরা অনেক ক্ষেত্রে পিছিয়ে যান। বখাটেদের ভয়ে অনেক অভিভাবক মেয়েকে বাল্যবিবাহ দিতেও বাধ্য হচ্ছেন। কোনো কোনো মেয়েকে পড়ালেখাও ছাড়তে হচ্ছে।
এই সামাজিক অপরাধ ও অনাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কোনো বিকল্প নেই। বিচারের মাধ্যমে বখাটেদের সাজা নিশ্চিত করা গেলে বখাটেপনা অনেক কমে আসবে। বখাটেপনার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজপতিদের আরও কঠোর হতে হবে।