বগুড়ায় কলেজশিক্ষককে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু তদন্ত হলে কলেজটির শিক্ষক-কর্মচারী নিয়োগে দুর্নীতি, অবৈধ অর্থের ভাগাভাগি এবং কলেজ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট দলাদলির কুৎসিত চেহারা উদ্‌ঘাটিত হতে পারে। কলেজটির ব্যবস্থাপনা কমিটিতে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁকে বাদ দিয়ে শিক্ষা বোর্ডে অ্যাডহক কমিটির প্রস্তাব করার প্রেক্ষাপটে এই সহিংসতা ঘটল।  

শিক্ষক প্রহারের মামলায় মুখ্য অভিযুক্ত ব্যক্তি বগুড়া উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক। একটি সূত্রমতে, ২০১০ সালে শহর যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম হত্যা মামলার তিনিই অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি ছিলেন। তখন তিনি আওয়ামী লীগে ছিলেন না। অথচ সাত বছরের ব্যবধানে ওই হত্যা মামলায় তিনি নির্দোষ প্রমাণিত না হলেও গত বছর তাঁকে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ দিতে কারও বাধেনি। এখন জেলা কমিটি তাঁকে শিক্ষক প্রহারের দায়ে ‘বহিষ্কার’ করেছে বলে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

উপযুক্ত কর্তৃপক্ষকে বিবেচনায় নিতে হবে যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় কী ভয়ানক কাণ্ড ঘটে চলেছে। অধ্যক্ষসহ তিন শিক্ষককে প্রহার করা নিন্দনীয়, কিন্তু কেন প্রহার বা অভিযুক্তের স্বীকৃতিমতে হাতাহাতি হলো তা আরও বেশি উদ্বেগজনক। যে অধ্যক্ষকে প্রহার করা হয়েছে, তাঁকে ম্যানেজিং কমিটি ‘চাকরিচ্যুত’ করেছিল। তাঁর পরিবর্তে আরেকজন শিক্ষককে ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ নিয়োগ করা হয়েছে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা চলে। এর আগে ওই কলেজে ২২ জন শিক্ষক নিয়োগে বিরাট দুর্নীতি হয়েছে বলে হইচই হয়েছিল। এখন ওই শ্রমিক লীগ নেতার দাবি, অধ্যক্ষ নিয়োগকালে সংগঠনকে ২০ লাখ টাকা চাঁদা দেওয়ার জিম্মাদার হলেও তিনি কথা রাখেননি!

সার্বিক বিচারে শহীদ জিয়া কলেজের ঘটনাবলি ‘জেগে ওঠার একটি ঘণ্টা’ হিসেবে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে মূল্যায়নের দাবি রাখে। কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর জন্য এটা যথেষ্ট।