নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে র্যাব কর্মকর্তাদের জড়িত থাকার ঘটনার রেশ কাটতে না কাটতে আবার বগুড়ায় র্যাবের কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠল। এবার একজন মেধাবী ছাত্রকে ধরে নিয়ে সারা রাত অমানুষিক নির্যাতন করা হয়েছে। গত বুধবার প্রথম আলোর শেষের পাতায় নিরীহ তরুণ শিক্ষার্থী নজরুলকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরিয়ে তিন পুলিশের প্রহরায় পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার যে করুণ চিত্রটি ছাপা হয়েছে, তা দেখলে প্রশ্ন ওঠে, আমরা কি কোনো সভ্য সমাজে আছি? আদালত নির্দেশ না দিলে তাঁর হয়তো স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষাও দেওয়া হতো না।
নজরুল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত। তিনি মাদকবিরোধী আন্দোলনেরও একজন সক্রিয় কর্মী। আর তাঁকেই কিনা র্যাবের সদস্যরা ধরে নিয়ে গেছেন ইয়াবা বড়ি রাখার অভিযোগে! সহপাঠী ও স্থানীয় লোকজনের কাছে এ অভিযোগ বিশ্বাসযোগ্য না হলেও র্যাবের সদস্যরা তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্যাতন করেছেন।
উল্লেখ্য, প্রথমে র্যাবের একটি দল নজরুলের বাসায় গিয়ে তাঁকে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী উল্লেখ করে তল্লাশি চালায়। কিন্তু কিছু না পেয়ে তারা দুঃখ প্রকাশ করে চলে যায়। এরপর আবার এসে তাঁর ঘরে ইয়াবা বড়ি পাওয়ার অভিযোগ করে। এটা সাজানো ঘটনা বলে নজরুলের পরিবার অভিযোগ করেছে। থানা বলছে, নজরুলের বিরুদ্ধে মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসের অভিযোগ নেই। তাহলে কেন র্যাবের সদস্যরা তাঁর ওপর এমন নির্যাতন চালালেন?
নজরুলের পরিবারের অভিযোগ, একজন ব্যবসায়ীর অনৈতিক ও অপরাধমূলক তৎপরতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই তাঁর প্ররোচনায় র্যাব ‘বানোয়াট’ অভিযোগে নজরুলের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে এটা গুরুতর অভিযোগ।
আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। র্যাবের পক্ষ থেকেও আলাদা তদন্তের কথা বলা হয়েছে। তদন্ত হতে হবে সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। সংস্থার কোনো সদস্য অন্যায় করলে র্যাব কর্তৃপক্ষের উচিত হবে তাঁর শাস্তি নিশ্চিত করা।