বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের ৫৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সেই বহুল প্রতীক্ষিত ২৫ ডিসেম্বর। ঐতিহ্যবাহী বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানের দিন। অধীর আগ্রহে যে প্রাক্তন ছাত্ররা অপেক্ষা করছিলেন এই দিনের জন্য, আজ সেই উত্তেজনাকর প্রতীক্ষার অবসান হবে। সুখের ব্যাপার, স্কুলের বর্তমান শিক্ষার্থীরাও এই উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এ যেন নতুন ও পুরোনের মিলনমেলা, সেকাল আর একালের মধ্যে সেতু রচনার এক মহৎ ও অতিপ্রয়োজনীয় আয়োজন।যাত্রা শুরু হয়েছিল নবাব পরিবার, বিশেষত নবাব আলতাফ আলী চৌধুরী, খান বাহাদুর হামিদুর রহমান চৌধুরী ও বগুড়ার অন্যান্য বিত্তশালী ও বিদ্যানুরাগী ব্যক্তির অর্থানুকূল্যে, ১৯০৮ সালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে মাত্র ২০০ গজ দক্ষিণ-পশ্চিমে। প্রথমে এটি ছিল বগুড়া সেন্ট্রাল মাদ্রাসা। পরে অভিভাবকদের চাহিদা ও প্রত্যাশা মেটাতে গিয়ে এটি হাই মাদ্রাসা থেকে হাইস্কুলে রূপান্তরিত হয় ১৯৫৫ সালে। সে হিসাবে, স্কুলটির প্রতিষ্ঠাকাল গণ্য করা হয় ১৯৫৫ সালকেই। ২০১০ সালে ৫৫ বছর পূর্তিতে এই পুনর্মিলনীর আয়োজন। স্কুলের বহু প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীর পদচারণে, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সগর্ব উপস্থিতিতে, তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত হবে আজ বগুড়া শহরের সুত্রাপুরের কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন এই ঐতিহ্যবাহী স্কুল প্রাঙ্গণ।প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, এই স্কুল একসময় কি লেখাপড়ায়, কি সংস্কৃতিতে, কি ক্রীড়ায় বগুড়া জেলার মধ্যে শীর্ষস্থানীয় ছিল। নানা কারণে সে অবস্থান নড়বড়ে হয়েছে হয়তো, তবে স্কুলের সাম্প্রতিক নানামুখী তৎপরতায় এটি স্বমহিমায় আগের মতো গৌরবোজ্জ্বল অবস্থায় ফিরে যাবে, স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে একান্ত আশাবাদী।পুনর্মিলনীতে স্কুলে ফেরা অবশ্যই স্কুলের প্রতি, স্কুলের সহপাঠীদের প্রতি, শিক্ষকদের প্রতি পরম ভালোবাসারই প্রকাশ। যাঁরা আজ আসবেন, তাঁদের স্বপ্রণোদিত উপস্থিতি ধ্বনিত করবে সেই ভালোবাসাকে। স্কুলমাঠের ঘাসগুলো আজ যেন বলবে, আমাকে মাড়িয়ে যাও সেই তোমার ছেলেবেলায় যেমন করে মাড়াতে। স্কুলটির বারান্দা যেন বলবে, হেঁটে যাও দৃপ্ত পদক্ষেপে আমার ওপর দিয়ে। শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড যেন বলবে, মনে পড়ে, তুমি আমার বুকের ওপর কত কসরত করেছ চক আর ডাস্টার দিয়ে? যতই শিক্ষকের মতো সুন্দর করে লিখতে চেয়েছ, ততই তোমার লেখা ব্ল্যাকবোর্ডে বাঁকা হয়েছে—ওপর থেকে নিচের দিকে নেমে গেছে, কিংবা নিচ থেকে ওপরে।এই বগুড়া সেন্ট্রাল হাইস্কুলে পড়াশোনা করেছেন দেশের অনেক কৃতী সন্তান। স্থপতি আহসানুল হক খান, টেলিভিশন ব্যক্তিত্ব কবি সাইফুল বারী, অভিনেতা আহসানুল হক মিনু, বিচারপতি সৈয়দ মাকসুদুল হক, জেলা জজ মুস্তাকিনুর রহমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা খসরু, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, চলচ্চিত্রকার মতিউর রহমান পানু, রাজনীতিবিদ মজিবুর রহমান মজনু, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু এই স্কুলের ছাত্র ছিলেন।বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের সুনাম রক্ষা করায় নিরলস পরিশ্রম করে গেছেন, স্কুলকে যাঁরা জীবনের মিশন মনে করেছেন, সেসব ত্যাগী শিক্ষাগুরুর কথা আজকের দিনে স্মরণ করতেই হবে। পুরোনো ছাত্রদের মুখে মুখে যেসব শিক্ষকের নাম আজ উচ্চারিত হবে, তাঁদের মধ্যে আছেন: আবদুল হান্নান, আবদুুল ওয়াদুদ, আবু মুসা, আকবর আলী, আবদুুর রশিদ, ইছাহাক উদ্দিন, মোস্তাফিজার রহমান (লাল মিয়া), কমর উদ্দিন শাহ, গণেশ চন্দ্র চক্রবর্তী, এমদাদ আলী, আশরাফ হোসেন চান, মাহমুদুর রহমান বেনু, চৈতন্য দাস, বামেশ চন্দ্র কবিরাজ, ছিদ্দিকুল আলম, আবদুল মান্নান, আবুল কালাম, আলমগীর হোসাইন, ছিদ্দিকুর রহমান প্রমুখ।এই মানুষ গড়ার কারিগরেরা বছরের পর বছর তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় তরুণ শিক্ষার্থীদের মন-মানস-দৃষ্টিভঙ্গি গঠনে কাজ করে গেছেন। জীবনে নিজ নিজ ক্ষেত্রে সফল প্রাক্তন ছাত্রছাত্রীরা সেসব আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার সুযোগ পাবেন, তাঁদের পারস্পরিক আলাপচারিতায়, সম্মিলিত সভায়।কৈশোরের স্মৃতি মনে করার মাধ্যমেই পরিণত বয়স্করা আনন্দ পেতে পারেন—সেই আনন্দের প্রতিফলন ঘটতে পারে তাঁদের বর্তমান কর্মজীবনে। স্কুলের সুবিস্তৃত মাঠ, স্মৃতিবিজড়িত পুকুর, পুরোনো ভবন, নিষ্ঠাবান শিক্ষকদের ভালোবাসা, সহপাঠীদের সঙ্গে দুরন্তপনা—এসবের কারণে সুখস্মৃতির যে বিশাল ভান্ডার গড়ে ওঠে, সেই স্মৃতিকে লালন করার প্রয়োজন পড়ে প্রতিদিনের ক্লান্ত-ক্লিষ্ট জীবনে, পুনর্মিলনী আমাদের সেই সুখস্মৃতির সমুদ্রে ডুবতে সাহায্য করে—ফিরে নিয়ে যায় আমাদের শৈশবের দিনগুলোতে। এমনতর আয়োজনের মধ্য দিয়ে আমরা নিজের সমৃদ্ধ অতীতকে দেখার সুযোগ পাই—সুযোগ পাই নিজ নিজ বিদ্যায়তনের সঙ্গে আমাদের যে সংযুক্তি, যে সম্পর্ক, সেটাকে নবায়ন করতে। আর তাই প্রতিবছরেই, প্রতিটি বিদ্যায়তনেই—পুনর্মিলনী অনুষ্ঠান একান্ত কাম্য, যেখানে পুরোনো ছাত্রদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ থাকবে—সেকাল-একালের মিলন ঘটবে। পুরোনো আর নতুনের মধ্যে ভাব বিনিময় হবে, উচ্ছ্বাস-আনন্দে গা ভাসানোর সুযোগ পাওয়া যাবে, নতুনেরা উৎসাহিত হবে, পুরোনোরা তরুণদের সংস্পর্শে এসে উজ্জীবিত হবে। বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হবে—সে যেন বলবে: এসো, আমার বুকে, আমাকে ধন্য করো, আর তুমি বিকশিত হও শতধারায়।মো. আশেকুল ইসলাম: গবেষক ১৯৮৯ সালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। [email protected]