১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি; যাঁর নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এরপর ৩ নভেম্বর দেশত্যাগের প্রাক্কালে ঘাতক চক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতাকে হত্যা করে; যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে রাজনৈতিক নেতৃত্বশূন্য করা।
সেদিন ঘাতকেরা কেবল বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে শিশু শেখ রাসেলসহ পরিবারের সব সদস্যকে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান। কিন্তু জাতি হিসেবে যেভাবে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কথা ছিল, সেভাবে প্রতিবাদ হয়নি। তাই ১৫ আগস্ট শোকের সঙ্গে সব সময় আত্মজিজ্ঞাসারও দিন।
১৫ আগস্টের পর সেনাবাহিনীতে একের পর এক অভ্যুত্থান ঘটতে থাকে। ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান হলেও তাদের ক্ষমতা স্থায়ী হয়নি। ৭ নভেম্বর কথিত সিপাহি-জনতার বিপ্লবে খালেদ মোশাররফ পদচ্যুত ও নিহত হন। এরপর ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। ৮৩ দিনের মাথায় বঙ্গবন্ধুর খুনিরা দেশত্যাগে বাধ্য হলেও বাংলাদেশের রাজনীতিতে তাদের অপচ্ছায়া থেকে গেছে বহুদিন। জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার খুনিদের বিদেশে কূটনীতিকের চাকরি দিয়েছে; যা ছিল দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। পঁচাত্তরের পর খুনি সরকার আইন করে বঙ্গবন্ধু হত্যার পথ রহিত করে, যা আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগপর্যন্ত বহাল ছিল।
১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে বঙ্গবন্ধু হত্যার বিচারপ্রক্রিয়া শুরু হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। তাঁরা হলেন লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)। দীর্ঘদিন পর জানা যায়, বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি আবদুল মাজেদ ভারতের কলকাতায় পালিয়ে ছিলেন। সেখান থেকে ফিরিয়ে এনে গত বছরের ১০ এপ্রিল তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনো পাঁচ আসামি খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, মোসলেম উদ্দিন ও এস এইচ নূর চৌধুরী বিদেশে পলাতক। অপর আসামি আজিজ পাশা বিদেশে পলাতক অবস্থায় মারা যান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি আসামিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। অন্যদের অবস্থান নিশ্চিত নয়। তাঁদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ১২ বছর ধরে একটানা ক্ষমতায় আসীন। তাই দেশবাসী দেখতে চাইবে সরকার ও তাঁর দল কেবল আনুষ্ঠানিকতার মোড়কে বঙ্গবন্ধুকে স্মরণ করবে না; বঙ্গবন্ধুর নীতি-আদর্শ বাস্তবায়নেও ব্রতী হবে। যে গণতন্ত্র ও শোষণমুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন লড়াই করেছেন; সেই গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই হবে তাঁর প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো। ১৫ আগস্ট যাঁরা নৃশংস হত্যার শিকার হয়েছেন, তাঁদের সবাইকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করি।