বঙ্গোপসাগরে জেলেদের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি ট্রলারে ৩৪ জন জেলে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার ২০ নটিক্যাল মাইল পশ্চিমে নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন আহত অবস্থায় ফিরে এলে জানা যায়, ট্রলার তিনটি জলদস্যুদের কবলে পড়েছে। তারপর ওই হতভাগ্য মানুষগুলোর মধ্যে তিনজনের লাশ পাওয়া যায়। সর্বশেষ গত মঙ্গলবার উদ্ধার করা হয়েছে আরও ১৮ জনের লাশ। উদ্ধার হওয়া লাশের সংখ্যা এ পর্যন্ত দাঁড়াল ২১। আহত অবস্থায় ফিরে আসা তিনজন বাদ দিলে এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন।কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা গভীর সমুদ্রে তল্লাশি চালিয়ে যে ১৮ জেলের লাশ মঙ্গলবার উদ্ধার করেছেন, তাঁদের সবার হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, ওই ১৮টি মরদেহের মধ্যে দুটির মাথা নেই অর্থাৎ তাঁদের ধড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে। জলদস্যুদের এই নৃশংসতা বিস্ময়কর। ট্রলারের মাছ লুট করে জেলেদের ট্রলার থেকে সাগরের পানিতে নিক্ষেপ করার আগে তাঁদের হাত-পা রশি দিয়ে বাঁধার অর্থ তাঁদের সলিলসমাধি নিশ্চিত করা। কিন্তু সেটার কী প্রয়োজন ছিল?এই ৩৪ জন জেলে ছাড়া গত তিন মাসে কক্সবাজার জেলার সেন্ট মার্টিন দ্বীপ থেকে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার সাগর উপকূলে জলদস্যুদের হামলা ও গুলিতে ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ শতাধিক। নিখোঁজ হয়েছেন ১৪৭ জন জেলে। জলদস্যুদের এমন সহিংস দৌরাত্ম্যের ফলে কক্সবাজার উপকূলে মাছ আহরণ কমে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, জলদস্যুদের দৌরাত্ম্য এভাবে চলতে থাকলে চলতি বছর মাছের উৎপাদন ১০ হাজার মেট্রিক টন কমে যেতে পারে। অর্থাৎ, বঙ্গোপসাগরের জলদস্যুদের উপদ্রব স্থানীয় জেলেদের জীবন-জীবিকার জন্য ক্রমেই আরও বিপজ্জনক ও ক্ষতিকর হয়ে ওঠার সঙ্গে জাতীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব প্রকট হয়ে উঠছে। তাই উপকূলীয় জলসীমায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।