সুকুমার রায়ের ‘নন্দলালের মন্দ কপাল’ গল্পে পড়েছিলাম, ‘তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামারবাড়ি গিয়াও ঠকিল, এবার না গিয়াও ঠকিল’। আমার ঘটনাটা ঘটল তেমনই। পয়লা বৈশাখ ১৪২০। ভোরবেলা বের হলাম। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে যাব। এসো হে বৈশাখ গান হবে। শুনব, শ্রোতাদের আসরে বসে গলাও মেলাব। আজ আমাদের শকটচালকের ছুটি। বছরের প্রথম দিনে তিনিও একটু পরিবার-পরিজনের সঙ্গে যেন সময় কাটাতে পারেন। তাই সকালবেলা বের হলাম রিকশায় যাব বলে। বের হয়ে দেখি, কোনো রিকশা নেই। হেঁটেই রওনা হলাম। তখনো যানজট, জনজট বাঁধেনি রাস্তায়। মনে হলো, গাড়ি নিয়ে বের হলেই পারতাম। রংপুর থেকে আসা গাঁইয়া টাইপের মানুষ আমি, তবে গাড়ি চালাতে জানি। সকালবেলা তাই গাড়ি না বের করেই ভুল করলাম। দুপুরবেলা দাওয়াত ছিল। নিজেই চালকের আসনে বসে গাড়ি নিয়ে বের হলাম। এবং বুঝলাম, মস্ত বড় ভুল করেছি। ঢাকা শহরের পথে মানুষ আর মানুষ। সমস্ত বাংলাদেশের ১৫ কোটি মানুষ যেন রাস্তায় বের হয়ে পড়েছে। মোড়ে মোড়ে ভীষণ গিট্টু লেগে গেছে। আমি সেই জটের মধ্যে বসে ঘামছি। ডানে রিকশা, বাঁয়ে মোটরসাইকেল, সামনে একটা গাড়ি এদিকে, আরেকটা ওদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাব। আমি উপায় না দেখে বাঁয়ে মোড় নেওয়া শুরু করলাম। গন্তব্য থেকে দূরে সরে যেতে লাগলাম। তখন মনে হলো, সকালবেলা গাড়ি না নিয়ে বের হয়ে ভুল করেছিলাম। দুপুরবেলা গাড়ি নিয়ে বের হয়ে ভুল করলাম।এরই মধ্যে সামনের গাড়িটা কী যেন একটা ঘটনা ঘটিয়েছে। এক ভদ্রমহিলা দেখি, রাস্তায় হাতে জুতা তুলে নিয়েছেন। সামনের গাড়ির চালককে তিনি জুতা দিয়ে পেটানোর চেষ্টা করছেন। এবং আমার মনে হলো, ওই গাড়ির চালক পেশাদার নন। আমার মতো শখ করে গাড়ি নিয়ে বের হয়েছেন।আমার পেছনের আসন থেকে পরিচারিকা খিকখিক করে হেসে উঠল। ‘এই, হাসিস কেন?’‘পয়লা বৈশাখে আপনি যা খাইবেন, সারা বছরে তা-ই খাইতে হইব। এই জন্য বছরের পয়লা দিনে লোকে ভালো খাবার খায়। ওই সাহেব সারা বছর জুতা খাইব।’আমার সহধর্মিণী পাশ থেকে বললেন, ‘আহা রে বেচারা। কী ভুল যে করেছিলেন!’আমি বললাম, ‘ঘটনা এর চেয়েও খারাপ হতে পারত, ওই গাড়ির চালক যে ভুল করেছেন, সেই ভুল আমিও করে ফেলতে পারতাম। তাহলে কী ঘটতে পারত, ভাবো। সারাটা বছর আমার...’ছোটবেলা থেকেই এই রসিকতাটা শুনে আসছি। বছরের পয়লা দিন যা হবে, সারাটা বছর তা-ই হবে। এটা নিতান্তই একটা রসিকতাই, এটার কোনো বাস্তব ভিত্তি নেই। বছরের প্রথম দিন যার বাচ্চা হবে, সারাটা বছরজুড়ে তার বাচ্চাই হতে থাকবে, তা নয়। তবু আমরা চাই, প্রথম দিনটা শুভ হোক। সেই রকমভাবে সারাটা বছর সুন্দর যাক। তেমনি করে আমাদের প্রতিটা বছর, আমাদের সারাটা জীবন কাটুক সুন্দরভাবে, সুস্থভাবে, নিরাপদে, নির্বিঘ্নে।আমার খুবই ভালো লাগছে যে, বাংলাদেশে পয়লা বৈশাখটা খুব সুন্দরভাবে কেটেছে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ অনেকেই রাস্তায় নেমেছিলেন। মেলায় গেছেন। সংগীতের আসরে গেছেন। শোভাযাত্রায় গেছেন। বাড়িতে অনেকেই বিশেষ খাবার রেঁধেছেন। নতুন কাপড়চোপড় পরেছেন।নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ ছিল। ঢাকায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, সাড়ে পাঁচটার পর যেন রমনা এলাকা ছেড়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় ছিল। একটা দিন গেছে শান্তির দিন। আনন্দের দিন। স্বস্তির দিন। এক ঢাকাতেই যে কত অনুষ্ঠান হয়েছে। রমনা থেকে বারিধারা, কত অনুষ্ঠান। টেলিভিশনগুলোতে কত যে লাইভ অনুষ্ঠান দেখানো হয়েছে। সারা দেশজুড়ে ছিল উৎসব আর অনুষ্ঠান।জাসাসের উদ্যোগে নয়াপল্টনে ছিল বর্ষবরণের অনুষ্ঠান। তাতে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যোগ দিয়েছেন। এটাও একটা ইতিবাচক বার্তা। বাঙালির উৎসবের সঙ্গে সবাই আছেন—কি সরকারি দল, কি বিরোধী দল। শুধু কি বাঙালির উৎসব, তা-ও তো নয়। এ তো আমাদের আদিবাসী জনগোষ্ঠীরও উৎসব।বাঙালি সংস্কৃতির শিকড় যে খুব গভীরে প্রোথিত, পয়লা বৈশাখের অনুষ্ঠানগুলোতে লাখ লাখ মানুষের যোগদান থেকে তা আবারও প্রমাণিত হয়।বছরের প্রথম দিনটা বাংলাদেশের ভালো গেছে। হরতাল ছিল না। বোমা-ককটেল-টিয়ারগ্যাস-গুলি ছিল না। সরকারি দল বিরোধী দলে সংঘাত ছিল না। দুই নেত্রী দুজনকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।আমাদের আগামী বছরটা যেন ভালো যায়। সারাটা বছর হোক আমাদের পয়লা বৈশাখের মতো, হরতালবিহীন, রাজনৈতিক হানাহানিবিহীন।আচ্ছা, প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্রে কী লেখা ছিল, নিশ্চয়ই লেখা ছিল শুভ নববর্ষ ১৪২০। তার মানে, প্রধানমন্ত্রী চেয়েছেন বিরোধীদলীয় নেত্রীর সারাটা বছর ভালো যাক। আর বিরোধীদলীয় নেত্রীর শুভেচ্ছা কার্ডে কী লেখা ছিল? নিশ্চয়ই শুভ নববর্ষ ১৪২০। তার মানে, বিরোধীদলীয় নেত্রী চেয়েছেন সরকারদলীয় নেত্রীর সারাটা বছর ভালো কাটুক।হে আল্লাহ, এই দুই নেত্রীর এই কামনা পূরণ করুন।তাঁদের দুজনেরই সারাটা বছর ভালো কাটুক।আর আমাদের সবার সারাটা বছর হোক শান্তিপূর্ণ, নির্বিঘ্ন, নিরাপদ।সবাইকে জানাই বিলম্বিত শুভ নববর্ষ।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।