বজ্রপাতে প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাল, নারকেল, বটসহ নানা ধরনের বড় গাছ বজ্রপাতের আঘাত নিজের শরীরে নিয়ে নেয়। আগে গ্রামগঞ্জে এ ধরনের গাছ বেশি ছিল। ফলে বজ্রপাত হলেও মানুষ বেঁচে যেত। কিন্তু এখন এসব গাছের বড়ই অভাব। এ ছাড়া বেশির ভাগ মানুষের কাছে এখন মুঠোফোন থাকছে। অধিকাংশ এলাকায় মুঠোফোন ও বৈদ্যুতিক টাওয়ার রয়েছে। কৃষিতেও যন্ত্রের ব্যবহার বেড়েছে। ফলে বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা।

 ২০১৬ সালে বজ্রপাতে প্রায় ৩৫০ মানুষ মারা যাওয়ার পর সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে। এরপর বজ্রপাত রোধে নেওয়া হয় বিশেষ পরিকল্পনা এবং সতর্কীকরণ কর্মসূচি। কিন্তু এসব পরিকল্পনা ও কর্মসূচি যে খুব একটা কাজে আসছে না, তা তো বোঝাই যাচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকার বজ্রপাত রোধে দেশের বিভিন্ন স্থানে মোট ২৮ লাখ তালগাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে এবং তা বাস্তবায়নও হচ্ছে। কিন্তু যেহেতু তালগাছ বড় হতে সময় লাগে, সেহেতু দ্রুত লম্বা হয় এমন বড় গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে।

দেখা যায়, বজ্রপাতে নিহত ব্যক্তিদের বেশির ভাগ মাঠে খেটে খাওয়া সাধারণ চাষি-গেরস্ত। বজ্রপাত থেকে তাদের রক্ষা করতে হলে মাঠের মাঝখানে বাবলা, হিজল, সুপারিসহ এ ধরনের গাছ লাগাতে হবে। মাঠের মাঝখানে খাম্বা বসিয়ে তাতে আর্থিং করলে বজ্রপাতে প্রাণহানি কমবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। ভূমিকম্পের মতো বজ্রপাতের সময় মানুষের কী কী করা উচিত, সে বিষয়ে নির্দেশনা দিতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি রেডিওকে ব্যবহার করা যেতে পারে।

সরকার বজ্রপাতের আগাম সংকেত দেওয়াসহ প্রযুক্তিনির্ভর আরও কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা চাই, এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হোক।