বটগাছ বাঁচাতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

করোনায় অক্সিজেনের জন্য হাহাকারের মধ্যে থেমে নেই নির্বিচার বৃক্ষনিধন। রাস্তা সংস্কার বা উন্নয়নের নামে গাছ কাটার উৎসব চলছে যেন গোটা দেশে। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, টাঙ্গাইলে গাছ কাটার ‘নৃশংস’ দৃশ্য দেখা গেল। কেউ কোনো প্রতিবাদ করার আগেই কেটে ফেলা হয়েছে গোটা গোটা গাছ। রাস্তার পাশে পড়ে থাকা দীর্ঘ কাটা গাছের সারি দেখে মনে হতে পারে একটা বৈশ্বিক মহামারি চলাকালে গাছ কাটার প্রতিই আমাদের মনোযোগ বেশি। এমন ঘোর হতাশার কালে আমাদের আশাবাদী করে তোলে রাজশাহীর পবা উপজেলার মধুপুরের প্রকৃতিপ্রেমী কিছু মানুষ। তারা সেখানকার একটি শতবর্ষী ‘বটগাছ’ রক্ষায় রাস্তায় নেমেছে। সেই গাছ তাঁরা কাটতে দেবেন না। আগে তাঁদের শরীরে পড়বে কুড়ালের কোপ। এরপর গাছে।

বটগাছ বলতেই জাতীয় সংগীতের সুর ভেসে আসে, ‘কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—/ কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।’ গ্রামের হাটবাজার, স্কুল, মসজিদ–মন্দির, দরগাহ—কত

কিছুই গড়ে ওঠে একটি বটগাছের শোভায়, স্নেহে ও ছায়ায়। গ্রামের মানুষের কাছে পাকুড়গাছও বটগাছ হিসেবে পরিচিত। এটা তাঁদের বহুল প্রচলিত ভুল। এই ভুলেই গাছটিকে কেন্দ্র করে পবার সেই জায়গাটির নাম ‘মধুপুর বটতলা।’ হোক বটগাছ, না হয় পাকুড়গাছ—শতবর্ষী এই গাছকে কাটতে দিতে নারাজ গ্রামবাসী।

প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, সম্প্রতি জেলা পরিষদ রাজশাহী শহরের কাশিয়াডাঙ্গা থেকে গোদাগাড়ীর কাঁকনহাট সড়কের ১৯টি গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করেছে। রাস্তার পাশের সব কটিই বড় গাছ। বিক্রি করা হয়েছে মাত্র ২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায়। কিছুদিন থেকে কাটাও হচ্ছে। গত সোমবার শ্রমিকেরা শতবর্ষী এই পাকুড়গাছ কাটতে যান। তখনই সামনে গিয়ে দাঁড়ান গ্রামবাসী। গাছটি ঘিরে গ্রামবাসীর অনেক স্মৃতি। গাছটি তাঁদের ঠিকানা হয়ে উঠেছে। তাঁরা ঠিকানাহীন হতে চান না। গ্রামবাসী গত বুধবার মানববন্ধনও করেছেন গাছের সামনেই। এ ঘটনা বাংলা রচনায় পড়া ‘একটি বটগাছের আত্মকাহিনি’ মনে করিয়ে দেয় আমাদের।

গাছটিকে বাঁচানোর জন্য গ্রামের ১০০ জন বাসিন্দা গণস্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেল, রাস্তা চওড়া করার জন্য গাছগুলো কাটা হচ্ছে। যেহেতু গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, প্রশাসনেরও মনোভাব সেগুলো না থাকুক। এ এক অদ্ভুত উন্নয়ন–সংস্কৃতি আমাদের প্রশাসনের। গাছ কেটেই উন্নয়ন করা চাই তাদের। অথচ মধুপুরের সেই গাছ না কেটেই রাস্তা চওড়া করা সম্ভব। এর জন্য যথেষ্ট জায়গাও রয়েছে সেখানে। প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা, শতবর্ষী গাছটি রক্ষা করে তাঁরা জনগণের পাশে দাঁড়াবেন। গাছ না কেটেও উন্নয়ন করা যায়, সেই নজির আমাদের দেখাবেন।