খবরে প্রকাশ, গত বছরের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর গুলশান, বনানী, বারিধারা এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ রকম এক ‘নিরাপদ’ এলাকায় মঙ্গলবার সন্ধ্যার একটু পর একজন ব্যবসায়ীকে তাঁর কার্যালয়ে অন্তত আটজন কর্মীর সামনে কয়েকজন মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত যেভাবে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গেছে, তা আমাদের সব নিরাপত্তাবোধ ভেঙে চুরমার করে দেয়।
দুর্বৃত্তরা শুধু সিদ্দিক মুন্সি নামের ওই ব্যবসায়ীকে হত্যাই করেনি, এলোপাতাড়ি গুলি চালিয়ে তাঁর অফিসের আরও তিন কর্মীকে জখম করেছে, টাকাপয়সা লুট করেছে এবং বেরিয়ে যাওয়ার সময় অন্যদের বলে গেছে, ‘আমরা ডনের লোক। ২০ লাখ টাকা নিয়া যোগাযোগ করিস।’ অর্থাৎ তাদের মনে দৃশ্যত অপরাধের শাস্তির কোনো ভয় কাজ করেনি; তারা ভেবেছে, এই হত্যাকাণ্ডের দায়ে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না; বরং তাদের সঙ্গে ‘যোগাযোগ’ করা যাবে।
জাতির জন্য এ বিরাট এক উদ্বেগের বিষয়: দেশে যখন বিচারহীনতার পরিবেশ বিরাজ করে, তখন অপরাধীদের মনে ‘সেন্স অব ইমপিউনিটি’ বা অপরাধ করে শাস্তির ঊর্ধ্বে থাকা যাবে, এমন মনোভাব সৃষ্টি হয়। তখন তারা খুন, ধর্ষণসহ নানা ধরনের গুরুতর অপরাধ অবলীলায় করে যেতে পারে। দেশজুড়ে অপরাধবৃত্তি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন প্রশ্ন উঠছে যে দেশে কি তবে এক বিচারহীনতার পরিবেশ বিরাজ করছে? খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, মাদকের ব্যবসাসহ নানা ধরনের অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে, কিন্তু এসব অপরাধের দায়ে শাস্তি হচ্ছে, এমন খবর তুলনামূলকভাবে কম পাওয়া যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির সঙ্গে সম্ভবত আরও একটা বিষয়ের সম্পর্ক আছে। সেটা হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের পরিচয় দিয়ে লোকজনকে তুলে নিয়ে যাওয়া। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ অভিযোগ অস্বীকার করে, কিন্তু তারা এভাবে নিখোঁজ লোকজনকে উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনেও সফলতা দেখায় না। ফলে তাদের সম্পর্কে এমন এক সাধারণ ধারণা তৈরি হয়েছে যে লোকজনের নিখোঁজ বা গুম হওয়ার পেছনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা আছে। এমন পরিস্থিতি পেশাদার অপরাধীদের জন্য অত্যন্ত সুবিধাজনক: তারা এ রকম পরিস্থিতির সুযোগে অবাধে অপরাধবৃত্তি চালিয়ে যেতে পারে।
অপরাধীদের মন থেকে এই ধারণা দূর করতে হবে যে এ দেশে অপরাধ করে শাস্তির ঊর্ধ্বে থাকা যায়। সে জন্য আইন প্রয়োগব্যবস্থা জোরদার করতে হবে; অপরাধীদের বিচার করে শাস্তি দিতে হবে। সিদ্দিক মুন্সির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।