বনানীর এফ আর টাওয়ারে গত ২৮ মার্চ অগ্নিকাণ্ডে ২৭ জন মানুষের মৃত্যুর পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বেশ নড়েচড়ে বসেছিল। কিন্তু তাদের নড়াচড়া কেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল, সেই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।
অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, যেকোনো দুর্ঘটনার পর মন্ত্রী-কর্মকর্তারা অতিশয় তৎপরতা দেখান, হরেক রকম তদন্ত কমিটি হয়। অভিযান চলে। তারপর সময়ের ব্যবধানে সবকিছু ঠান্ডা হয়ে যায়। আরেকটি দুর্ঘটনা না ঘটা পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ববোধ জাগ্রত হয় না। ২০১০ সালে নিমতলী ট্র্যাজেডির পর মন্ত্রী-সাংসদদের কণ্ঠে আওয়াজ শোনা গিয়েছিল, পুরান ঢাকা থেকে অবিলম্বে সব রাসায়নিক কারখানা ও গুদাম সরিয়ে ফেলা হবে। কিন্তু চলতি বছর ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় আগুন লেগে ৭১ জন মানুষের মৃত্যুর পর জানা গেল, সেখান থেকে কোনো ঝুঁকিপূর্ণ কারখানা বা গুদাম কিছুই সরানো হয়নি। কার্যত পুরান ঢাকার মানুষ অগ্নিস্তূপের মধ্যে বসবাস করছে। আর বনানীর অগ্নিকাণ্ডের পর প্রমাণিত হলো, কেবল পুরান ঢাকা নয়, নতুন ঢাকার ভবনগুলোও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাজধানীর কোনো এলাকাই নিরাপদ নয়।
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর রাজউক বলেছিল, ভবনটি ২৩ তলা পর্যন্ত উঠলেও অনুমোদন ছিল ১৮ তলার এবং ওপরের পাঁচটি তলা অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। কিন্তু ভবনের জমির মূল মালিক ও নির্মাতা প্রতিষ্ঠান (ডেভেলপার) রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের দাবি, রাজউকের অনুমতি নিয়েই তারা ২৩ তলা ভবন নির্মাণ করেছে। রাজউকের তদন্ত কমিটির সদস্য, বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর মতে, তাঁরা রাজউকের কাগজপত্রে ১৮ তলা পর্যন্ত অনুমতি থাকার প্রমাণ পেয়েছেন। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে যে নকশা পেশ করা হয়েছে, তার সঙ্গে রাজউকে রক্ষিত নকশার কোনো মিল নেই। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি জানিয়েছে, নকশাবহির্ভূত ভবন নির্মাণের সঙ্গে অসাধু সরকারি কর্মকর্তারা জড়িত। কিন্তু রাজউক এখনো কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
প্রশ্ন হলো, রাজউক যদি ১৮ তলা ভবনের নকশা অনুমোদন দিয়ে থাকে, তাহলে সেখানে নির্মাতাপ্রতিষ্ঠান ২৩ তলা ভবন নির্মাণ করল কীভাবে? নির্মাণকালে কেন রাজউক সেটি বাধা দিল না? রাজউকের ভবন নির্মাণ তদারক বিভাগ কী করেছে? রাজউক চেয়ারম্যান বলেছেন, তাঁরা একাধিকবার নোটিশ পাঠিয়েছেন। অর্থাৎ তাঁরা শুধু নোটিশ পাঠিয়েই দায়িত্ব শেষ করেছেন। এটি চরম দায়িত্বহীনতা। রাজউকের অসাধুতা ও দায়িত্বহীনতার সুযোগেই ঢাকা শহরের বেশির ভাগ ভবন নির্মিত হচ্ছে আইনবহির্ভূতভাবে। আক্ষরিক অর্থে নকশা মেনে ভবন নির্মাণের উদাহরণ খুবই কম।
বনানী ট্র্যাজেডির পর রাজউক শহরের বিভিন্ন স্থানে নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করতে অভিযান শুরু করেছিল। একই সঙ্গে অগ্নিনির্বাপক সংস্থাও ভবনগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা ঠিকঠাক আছে কি না, পরখ করেছিল। এসব অভিযানে দেখা গেল, শতকরা ৯০ ভাগ ভবনই ত্রুটিপূর্ণ। কোনোটিতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। আবার কোনোটি নির্মাণ করা হয়েছে নিয়মবহির্ভূতভাবে।
বনানী ট্র্যাজেডির পর গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছিলেন, এবার বিষয়টি আর তদন্তের মধ্যে সীমিত থাকবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম যে বনানীর অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনের দুই মালিককে গ্রেপ্তার করলেও কীভাবে ভবনটি নির্মিত হলো, রাজউকের কোন কোন কর্মকর্তা এর সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেসব জানানোর প্রয়োজন বোধ করেনি সংস্থাটি।
মন্ত্রী মহোদয় যা–ই বলুন না কেন, রাজউক চলেছে পুরোনো ধারায়, যেখানে জবাবদিহি বা দায়িত্ববোধের লেশমাত্র নেই।