বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৯০ কোটি টাকা মূল্যের ৩৩ হাজার মেট্রিক টন গম আমদানির কার্যাদেশ দিয়েছিল দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান সামজিন লিমিটেডকে। প্রতিষ্ঠানটি ওই গম বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। কিন্তু বন্দর থেকে সেই গম সরকারি খাদ্যগুদাম পর্যন্ত পৌঁছাতে পারেনি, মাঝপথে চুরি হয়ে গেছে।
প্রায় তিন বছর আগের এই অবিশ্বাস্য জোচ্চুরির ঘটনায় চারটি মামলা হয়েছে; দুর্নীতি দমন কমিশন, পুলিশের বিশেষ শাখা (এসবি) ও পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তদন্ত করেছে; গম চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে সাতজনকে চিহ্নিত করা হয়েছে, ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। জামিনপ্রাপ্ত দুজন বাদে বাকিরা পুলিশের খাতায় পলাতক, কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিলাসী জীবনযাপনের ছবি প্রকাশ করছেন।
একটি বিদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সরবরাহকৃত বিপুল পরিমাণ গম বাংলাদেশের বন্দর থেকে চুরি হয়ে গেছে, অথচ আমাদের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলছেন, এ ব্যাপারে আমাদের কোনো দায়দায়িত্ব নেই। কিন্তু এ কথা বলে খাদ্য মন্ত্রণালয় দায় এড়াতে পারে না; কারণ, ওই গমের আমদানিকারক বা ক্রেতা ছিল খাদ্য অধিদপ্তর। গম চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর অধিদপ্তরের দায়িত্ব ছিল সে বিষয়ে খোঁজখবর রাখা। উচ্চ আদালতও চট্টগ্রাম বন্দরে ওই আমদানিকারকের জিম্মায় ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষগুলোর তদারকিতে রাখার নির্দেশ দিয়েছিলেন।
সংশ্লিষ্ট অন্য দুটি সরকারি কর্তৃপক্ষ হলো চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টমস। এই দুই কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে বন্দরের গুদাম থেকে ৩৩ হাজার মেট্রিক টন গম ৫ হাজার ৯২টি ট্রাকে করে সরিয়ে ফেলা হয়েছে—এটা কী করে সম্ভব হলো? গম খালাস করার দায়িত্বপ্রাপ্ত শিপিং এজেন্ট ও গুদামের মালিকপক্ষ একজোট হয়ে গম চুরি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কোনো না কোনো অংশের সঙ্গে চোরদের যোগসাজশ ছাড়া এই মহাচুরির বিশাল আয়োজন সম্পন্ন হওয়া সম্ভব ছিল না। কারণ, ঘটনাটি এত বড় যে তা এই দুটি কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে যাওয়া বিশ্বাসযোগ্য নয়।
এই ঘটনার সঙ্গে যুবলীগের এক নেতা ও সরকার-সমর্থক একাধিক ব্যবসায়ীর সংশ্লিষ্টতার তথ্য একাধিক তদন্তে বেরিয়ে এসেছে। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা সম্পর্কে বহির্বিশ্বে অত্যন্ত নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।