যখন কিনা জাহাজ-সংকটে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে, বন্দরে আসছে শ্লথতা, তখন সমুদ্র পরিবহন অধিদপ্তর জাহাজ নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করে বসে আছে। হয় তারা বন্দরে পণ্য পরিবহনের বাস্তবতা জানে না, নতুবা তাদের খামখেয়ালিপনায় পেয়েছে। আর এর খেসারত দিচ্ছেন আমদানিকারক থেকে শুরু করে সাধারণ ক্রেতারা পর্যন্ত।
গভীর সমুদ্র থেকে লাইটার নামের ছোট জাহাজে করে বন্দরে ও নদীপথে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন করা হয়। এ কাজে নিয়োজিত ছিল ১ হাজার ২০০ টন ধারণক্ষমতার ৯৩৯টি জাহাজ। কিন্তু গত বছরের অক্টোবর থেকে আমদানি প্রতি মাসে গড়ে ৪ লাখ ৮৮ হাজার টন বাড়ায় জাহাজের অভাবে পণ্য খালাস করায় দেরি হচ্ছে। এতে যে অতিরিক্ত খরচ হচ্ছে, তা পণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় ভোক্তা পর্যায়ে তার ধাক্কা লাগছে। সমুদ্র পরিবহন অধিদপ্তর জাহাজ নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে সমস্যার মেয়াদ যতটা বাড়িয়ে দিল, তার আর্থিক ক্ষতি শত শত কোটি টাকা।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের ব্যাখ্যা কর্মকর্তাভেদে একেক রকম। প্রথম আলোর সোমবারের প্রতিবেদনের বক্তব্যে মহাপরিচালক বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না বলে দাবি করেছেন। প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক অবশ্য নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারির বিষয়টি স্বীকার করেছেন। আর এর পক্ষে যুক্তি দিয়েছেন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক। তিনি মনে করেন, নতুন ৫০০ জাহাজ নামিয়েও লাভ হবে না; যেহেতু দেশের বিভিন্ন ঘাটে ৫০০ জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় থাকে। কারণ, পণ্য আমদানি বাড়লেও ঘাট ও গুদামে তা রাখার জায়গা নেই।
প্রথমত, কিছু জাহাজ চলমান ও ঘাটে অপেক্ষমাণ থাকবে ধরে নিয়েই তো জাহাজের জোগান বজায় রাখতে হবে। দ্বিতীয়ত, গুদাম ও ঘাটের জায়গা সংকুলান করা যায় যদি পণ্য ঘাটে ফেলে রাখা বন্ধ করা যায়। ফলে সমস্যাটিকে সামগ্রিকভাবে দেখারও একটি বিষয় রয়েছে। তবে এসব সমস্যা নতুন জাহাজ নির্মাণে নিষেধাজ্ঞার কারণ হতে পারে না।