১৭৮৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা কেন্দ্রীয় কারাগারটি কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঠিকানা বদল হলেও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এপ্রিলে যখন এটি উদ্বোধন করেন, তখন কর্তৃপক্ষ জানিয়েছিল, কারাগারটি প্রস্তুত। কিন্তু দেখা যাচ্ছে তিন মাস পরও কারাগারের অবকাঠামো নির্মাণের কাজ পুরো শেষ হয়নি। এ কারণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা নারী বন্দী, দুর্ধর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও বিশেষ সুবিধা পাওয়া বন্দীদের পাঠানো হয়েছে কাশিমপুর কারাগারে।
ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী ছিলেন পুরোনো কারাগারটিতে। নতুন কারাগারের বন্দী ধারণক্ষমতা ৪ হাজার ৫৯০। ৬ হাজার ৪০০ পুরুষ বন্দীকে ঠাঁই দেওয়া হয়েছে। নারী বন্দীসহ অন্যদের এখানে আনা হলে বন্দীর সংখ্যা আরও বাড়বে। নতুন কারাগারে বিদ্যুৎ ও পানির সংযোগ থাকলেও গ্যাসের সংযোগ স্থাপিত হয়নি। কাঠ পুড়িয়ে এই বিপুলসংখ্যক বন্দীর খাবার রান্না করা হলে পরিবেশের বিপর্যয় অনিবার্য। অতএব, যত দ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থা করতে হবে। নারী বন্দীসহ অন্যদের ভবনগুলোর নির্মাণকাজও অবিলম্বে শেষ করতে হবে।
দায়িত্বশীল একজন কারা কর্মকর্তা স্বীকার করেছেন, পুরোনো কারাগারকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। এর মাধ্যমে দুর্ধর্ষ বন্দী বা জঙ্গিদের কেউ কেউ বাইরের অপরাধীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নানা রকম নির্দেশনা দিতেন। নতুন কারাগারকে ঘিরে সে রকম সিন্ডিকেট হবে না আশা করি। সর্বোপরি কারাগারে বন্দীদের জন্য সহনীয় পরিবেশ তৈরি করতে হবে।
পুরোনো কারাগারের স্থানে জাদুঘর, পার্ক, খেলার মাঠ ও বিনোদনকেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে চালিত আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাসংগ্রামে নেতৃত্বদানকারী জাতীয় নেতাদের অনেক স্মৃতি রয়েছে এখানে। পার্ক ও খেলার মাঠ তৈরির পাশাপাশি এই মহৎপ্রাণ মানুষদের স্মৃতি ধরে রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। উন্নয়নের নামে পুরান ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত জায়গাটি যেন স্বার্থান্বেষী মহল হাতিয়ে নিতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি আবশ্যক।