বন্ধ কৃষি বিপণনকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

কৃষিপণ্যের বাজারজাত এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে আমাদের দেশে। ঘাম ঝরানো পরিশ্রমে ও ধারদেনা করে ফসল ফলানোর পর যথাযথ মূল্য না পাওয়ায় কৃষকদের যে হতাশা, সেটিই এখন তঁার জীবনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সরকারি নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি ঘুরেফিরে গালগপ্পে পরিণত হয়। সেদিক দিয়ে কৃষিপণ্য সংগ্রহ ও বিপণনকেন্দ্র কিছুটা হলেও আমাদের আশার আলো দেখায়। বেশ কয়েকটি জেলায় এটি দারুণ সুফল দিয়েছে। তবে যশোর জেলার মনিরামপুর উপজেলায় দেখা গেছে উল্টো চিত্র। সেখানকার দুটি ইউনিয়নে নির্মাণ করা দুটি কৃষি বিপণনকেন্দ্র উদ্বোধনের পর গত সাড়ে চার বছরেও সেগুলো চালু হয়নি।

প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, উপজেলার ভোজগাতী ইউনিয়নের কন্দর্পপুর ও খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় বিপণনকেন্দ্র দুটি তৈরি করা হয়। ২০১৭ সালে উদ্বোধনের পর সেগুলো পরিচালনার জন্য স্থানীয় কৃষকদের নিয়ে দুটি কৃষি বিপণন সংঘও করে দেওয়া হয়। এরপরও কেন্দ্র দুটি চালুর ব্যাপারে উপজেলা কৃষি অফিসের আন্তরিকতার ঘাটতি দেখা দেয়।

কৃষিপণ্য বিপণনকেন্দ্র হবে কৃষকবান্ধব। কিন্তু প্রথম আলো প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেল, কোনো ধরনের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা যাচাই না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় স্থানীয় প্রতিনিধিদের ইচ্ছায় বিপণনকেন্দ্র দুটি সেখানে নির্মাণ করা হয়েছে। বাজারসংলগ্ন না হওয়ায় কৃষকেরা তাঁদের পণ্য নিয়ে বিপণনকেন্দ্রে যেতে চান না। এ ছাড়া উদ্বোধনের এত বছর পরও সেখানে ডিজিটাল ওজন মাপার যন্ত্র, প্লাস্টিকের ঝুড়িসহ অন্য আনুষঙ্গিক জিনিসপত্র ছিল না, মাত্র কয়েক দিন আগে সেগুলো সরবরাহ করা হয়েছে। এমনকি বিপণনকেন্দ্র চালানো ও এর রক্ষণাবেক্ষণ নিয়েও কৃষকদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। অথচ একই সময়ে চালু হওয়া জেলার ঝিকরগাছা উপজেলার দুটি কৃষি বিপণনকেন্দ্র থেকে দারুণ সুফল ভোগ করছেন স্থানীয় কৃষকেরা। সেখানে করোনা মহামারির মধ্যেও গত পাঁচ মাসে প্রায় কোটি টাকার কৃষিপণ্য বিক্রি হয়েছে।

দেখা যাচ্ছে, মনিরামপুরের এ দুটি বিপণনকেন্দ্র থেকে কোনো সুফলই পাচ্ছেন না কৃষকেরা। অথচ সরকারি প্রকল্পের সহযোগিতায় প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সেগুলো নির্মাণ করা হয়। কৃষকের উপকারে আসে না, এমন বিপণনকেন্দ্র নির্মাণ করে কী লাভ হলো? কেন সরকারি প্রকল্পের এতগুলো টাকা খরচ করা হলো? কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই করা ছাড়া এসব উন্নয়ন কর্মকাণ্ডের দায় কে নেবে? যদিও উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান প্রথম আলোকে বলেছেন, ‘কৃষক গ্রুপকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে বিপণনকেন্দ্র দুটি পুরোপুরি চালু হয়ে যাবে।’ আমরা জানি না, এত দিন পর তাঁর প্রচেষ্টা কতটুকু সফল হবে।