যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বিশ্বজুড়ে বন্য প্রাণী পাচারের ক্ষেত্রে বিশেষ নজরদারি বা ফোকাস দেশের তালিকায় বাংলাদেশের নাম এসেছে। বন্য প্রাণী নিয়ে অপরাধ হচ্ছে এমন ২৬টি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকার বিষয়টি খুবই হতাশাজনক। গত শুক্রবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ ২৬টি দেশে বন্য প্রাণী নিয়ে তিন ধরনের অপরাধ হচ্ছে। প্রথমত, দেশগুলো থেকে বন্য প্রাণী পাচার হচ্ছে। দ্বিতীয়ত, বন্য প্রাণী পাচারের পথ বা রুট হিসেবে এসব দেশের ভূখণ্ড ব্যবহৃত হচ্ছে। তৃতীয়ত, ওই সব দেশে পাচার হওয়া বন্য প্রাণী ব্যবহৃত হচ্ছে।
সারা পৃথিবীতে বন্য প্রাণী নিধন ও পাচার-বাণিজ্যের কথা আমরা কমবেশি জানি। এসব প্রাণী যেমন সরাসরি পাচার হচ্ছে, তেমনি এগুলো নৃশংসভাবে হত্যা করে অঙ্গপ্রত্যঙ্গ ও চামড়া পাচার করা হচ্ছে। মার্কিন প্রতিবেদনে বন্য প্রাণী নিয়ে যে তিন ধরনের অপরাধের কথা বলা হচ্ছে সেখানে বাংলাদেশের সংশ্লিষ্টতার বিষয়টির প্রমাণ মিলছে সাম্প্রতিক এক ঘটনায়। গত সপ্তাহে একটি প্রাডো গাড়ি থেকে যশোরে এক জোড়া চিতাবাঘ ও এক জোড়া সিংহশাবক উদ্ধার করে পুলিশ। তিন মাসের কম বয়সী শাবকগুলো রাজধানীর উত্তরা থেকে যশোরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনাকে হালকা করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশের ভেতরে এগুলো ধরা পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। আন্তর্জাতিক বন্য প্রাণী চোরাচালানের অংশ হিসেবেই এই প্রাণীদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল—এমন আশঙ্কাই প্রবল। কেননা, দেশের কোনো চিড়িয়াখানা ও সাফারি পার্কে সাম্প্রতিক সময়ে কোনো চিতাবাঘ ও সিংহ বাচ্চা দেয়নি বলে নিশ্চিত করেছে বন বিভাগ। আর বাংলাদেশে সিংহ নেই, চিতাবাঘও বিলুপ্ত হয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বা বাংলাদেশে বন্য প্রাণী আটকের ঘটনা বিবেচনায় নিয়ে বাংলাদেশ যাতে কোনোভাবেই এ ধরনের বন্য প্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহৃত হতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে শুধু বন্য প্রাণী পাচার রোধ করতে একটি ইউনিট গঠন করতে হবে। ইতিমধ্যে এ ধরনের অপরাধ দমনের জন্য বন অধিদপ্তর বন্য প্রাণী অপরাধ দমনবিষয়ক একটি আলাদা বিভাগ চালু করেছে। এই বিভাগকে সক্রিয় করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ ব্যাপারে তৎপর হতে হবে। বাংলাদেশ কি শুধুই চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাকি এখান থেকেও বন্য প্রাণী পাচার হচ্ছে, তা-ও খতিয়ে দেখতে হবে।