বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে চতুর্থ দেশ বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম প্রধান চাল আমদানিকারক দেশে পরিণত হয়েছে। সরকারি গুদামে চালের মজুত যৎসামান্য, দ্রুত চাল আমদানি করে ঘাটতি পূরণের প্রক্রিয়াও অত্যন্ত মন্থর। এই পরিস্থিতিতে দেশ এক বিপর্যয়কর বন্যার মুখোমুখি। বন্যাকবলিত বিপুলসংখ্যক মানুষের ন্যূনতম খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন একটি বড় চ্যালেঞ্জ।
মার্চের শেষ দিকে হাওরাঞ্চলে অকাল অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বিপুল ফসলহানির সময়েই সরকারি খাদ্যগুদামগুলোতে চালের মজুত আশঙ্কাজনকভাবে কম ছিল। দেখা যায়, চালের সরকারি মজুত ৬ লাখ টনের নিচে নামলে চাল ব্যবসায়ী ও চালকলের মালিকেরা চালের মজুতদারি শুরু করেন। এপ্রিলের শুরুর দিকে সরকারি গুদামগুলোতে চালের মজুত ছিল ৩ লাখ টনের নিচে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জুন-জুলাইয়ের মধ্যে ১২ থেকে ১৫ লাখ টন চাল সংগ্রহ করে সরকারি খাদ্যগুদামে রাখা দরকার, অথচ তা না করে উল্টো খাদ্যবান্ধব কর্মসূচিতে সরকারি গুদামের চাল ব্যবহার করা হয়। ফলে মজুত আরও কমে যায়। বাজারে চালের দাম দফায় দফায় বাড়তে থাকে।
একসময় চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়, বেসরকারি আমদানিকারকদের উৎসাহিত করতে চালের আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়, সরকারি উদ্যোগেও চাল আমদানির প্রক্রিয়া শুরু করা হয়। কিন্তু সরকারি-বেসরকারি কোনো খাতেই চালের মজুত তেমন বাড়ে না। সরকার গত দুই-আড়াই মাসে ১ লাখ টন চালও আমদানি করতে পারেনি। বেসরকারিভাবে ২-৩ লাখ আমদানি হয়েছে বলে বলা হচ্ছে। কিন্তু মোদ্দাকথা হলো সরকারি গুদামে এখনো চালের মজুত মাত্র ২ লাখ ৭৮ টন।
ওদিকে বেসরকারি খাতে চাল আমদানিতেও চলছে বিষম জট। প্রথম দফায় শুল্ক কমানোর ঘোষণা জানার পর চাল ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিলেন। যাঁরা আমদানি-প্রক্রিয়া আগেই শুরু করেছিলেন, তাঁরা চালভর্তি ট্রাক বন্দরে দাঁড় করিয়ে রাখলেন। শত শত টন চালভর্তি ট্রাকের জট লেগে গেল স্থলবন্দরগুলোতে। তারপর চালের আমদানি শুল্ক আরও এক দফা কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে আমদানি শুল্ক কমানোর আগাম ইঙ্গিত দিয়ে আমদানি–প্রক্রিয়ার গতি থামিয়ে দেওয়া কতটা যৌক্তিক হয়েছে? আবার শুল্ক যখন কমানোই হলো, তখন সেই সিদ্ধান্তের জন্য অযথা সপ্তাহ দুয়েক বাজারে অনিশ্চয়তা তৈরি করা কোন ধরনের দায়িত্বশীলতা? এগুলো আসলে সরকারের ভেতরের সমন্বয়হীনতা, দ্বিধা ও জবাবদিহির অভাবকেই প্রকটভাবে তুলে ধরে।
এখন সেই সংকট মোকাবিলার সর্বাত্মক চেষ্টা করতে হবে; প্রথম কাজ হবে সরকারি গুদামে চালের মজুত দ্রুত বাড়ানো, দ্বিতীয়ত চালের বাজারে সম্ভাব্য কারসাজি কঠোর হাতে দমন করতে হবে এবং তৃতীয়ত বন্যার্তদের ত্রাণকার্যে অনিয়ম-দুর্নীতি-অব্যবস্থাপনা পুরোপুরি বন্ধ করতে হবে।