বন্যা ও দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের উত্তর ও মধ্যাঞ্চলে নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে—এই খবর স্বস্তিদায়ক হলেও বন্যার্তদের দুর্ভোগ লাঘবের জন্য আমাদের কর্তব্য শেষ হয়ে যাচ্ছে না।
প্রথমেই লক্ষ করা দরকার, বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি হারিয়েছে। উত্তরাঞ্চলের ১৬টি জেলার ১০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর একটা বড় অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। দেশের মধ্যাঞ্চলের অবস্থাও প্রায় একই রকম। ঘরহারা এসব মানুষের মাথার ওপরে কোনো আশ্রয় নেই। বাঁধসহ বিভিন্ন উঁচু জায়গায় আশ্রয় নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। পানি কমেছে বলে যারা ঘরে ফিরতে শুরু করেছে, তারা দেখতে পাচ্ছে বালু আর কাদায় একাকার হয়ে আছে তাদের আবাসস্থল। আবার কিছু কিছু এলাকায় পানি কমার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নদীর ভাঙন বেড়ে গেছে।
বন্যার্তদের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ নেই। ত্রাণসামগ্রী বলতে বিতরণ করা হয়েছে প্রধানত চাল, তা-ও প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে অনেকেই অভিযোগ করেছেন। তা ছাড়া শুধু চাল সেদ্ধ করে প্রাণ রক্ষা করা বিশেষত শিশু ও বয়স্কদের জন্য কঠিন। খাদ্যাভাবে দুর্বল শরীরে রোগ প্রতিরোধ কমে যায়; উপরন্তু দেখা দিয়েছে চর্মরোগ ও ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ। চিকিৎসাসেবাব্যবস্থা ভেঙে পড়েছে। প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ইত্যাদি সরবরাহ করা জরুরি। ডায়রিয়া যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষত শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দরকার, কেননা ডায়রিয়ায় শিশুর দেহে দ্রুতই পানিশূন্যতা দেখা দেয়, যা মৃত্যুর কারণ হতে পারে।
বন্যায় ফসলহানির পাশাপাশি গবাদিপশু ও মৎস্য সম্পদেরও অনেক ক্ষতি হয়েছে। বিশেষত আগামী ঈদুল আজহা সামনে রেখে যাঁরা কোরবানির পশু লালন-পালন করছিলেন, তাঁদের আর্থিক ক্ষতির বিষয়টি দুর্ভাগ্যজনক। বন্যার ফলে কৃষি, গবাদিপশু ও মৎস্য খাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।